মাঝ আকাশে মুখোমুখি চীনা ও মার্কিন সামরিক বিমান

২১ হাজার ফুট উচ্চতায় উড়ছিল মার্কিন নৌবাহিনীর পি-৮এ এয়ারক্রাফট। হঠাৎ রেডিও সিস্টেমে ভেসে আসে একটি কণ্ঠ- আমেরিকান বিমানকে বলছি, চীনের আকাশসীমা ১২ নটিক্যাল মাইল দূরে, সামনে এগোলে তার দায় তোমাকেই বহন করতে হবে। জানালায় তাকিয়ে মার্কিন সৈন্যরা দেখতে পান, ৫০০ ফুট দূরেই চীনের জে-১১ জঙ্গিবিমান, যার দুই ডানার নিচে রাখা চারটি মিসাইল। এ ঘটনা ঘটেছে গতকাল, দক্ষিণ চীন সাগরে। খবর সিএনএন।

us china fighters
মার্কিন নৌবাহিনীর পি-৮এর ডানার অদূরেই চীনের মিসাইলবাহী জে-১১ যুদ্ধবিমান

দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ প্যারাসেল আইল্যান্ডস থেকে ৩০ মাইল দূরে ছিল যুক্তরাষ্ট্রের পি-৮এ পসিডন এয়ারক্রাফট। দৈবক্রমে ওই উড়োজাহাজে ছিলেন সিএনএনের একজন সাংবাদিক। চীনা যুদ্ধবিমানের মুখোমুখি হবার ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি।

চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারপোর্টের পরিচয় দিয়ে রেডিও মেসেজে বলা হয়, চীনের আকাশসীমা ১২ নটিক্যাল মাইল দূরে। আর সামনে এগোনো ঠিক হবে না। এগোলে তার পুরো দায় তোমাকেই নিতে হবে।

আকষ্মিক বেতার বার্তার কয়েক মিনিটের মধ্যে মার্কিন উড়োজাহাজের প্রায় মুখোমুখি এসে পৌঁছে চীনের জে-১১ যুদ্ধবিমান। পোর্ট সাইড (বাম পাশ) থেকে মাত্র ৫০০ ফুট দূরে চীনা যুদ্ধবিমানটির পুচ্ছে আঁকা লাল তারকা ও ডানার নিচে রাখা চারটি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল স্পষ্ট দেখতে পাচ্ছিলেন সিএনএনের সাংবাদিক, ক্রুসহ অন্যরা।

মার্কিন উড়োজাহাজের পাইলট লেফটেন্যান্ট নিকি স্লটার এ সময় মাইক্রোফোন হাতে নিয়ে রেডিওতে বলেন- মার্কিন নৌবাহিনীর পি-৮এ থেকে পিএলএ ফাইটার এয়ারক্রাফটকে বলছি, আমার বাম দিকে ডানার কাছেই তোমাকে দেখতে পাচ্ছি। আমি পশ্চিম দিকে যেতে চাই। তোমাকেও তাই করার অনুরোধ করছি।

এরপর চীনা যুদ্ধবিমান থেকে পাল্টা কোনো বার্তা আসেনি। ১৫ মিনিটের মতো পাশাপাশি একপর্যায়ে সেটি অন্যদিকে চলে যায়। মার্কিন উড়োজাহাজের আরোহী সিএনএন সাংবাদিক এ ঘটনাকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রতিফলন মনে করছেন।

তবে মার্কিন নৌবাহিনী মিশনের কমান্ডার মার্ক হাইন্স ঘটনাটিকে দক্ষিণ চীন সাগরে আর দশটি শুক্রবারের মতোই স্বাভাবিক বিষয় বলে মন্তব্য করেছেন।

এর আগে একই দিন সকালে মার্কিন পি-৮এ উড়োজাহাজটি ফিলিপাইনের কাছে ওড়ার সময় সাগরে চীনের একটি মিসাইলবাহী ডেস্ট্রয়ার দেখতে পায়। আরও কাছ থেকে দেখার জন্য পি-৮এ পাইলট চীনা ডেস্ট্রয়ারের প্রায় ১ হাজার ফুট কাছে নেমে আসেন।

এ সময় পি-৮এর রেডিও সিস্টেমে বার্তা আসে- ইউএস এয়ারক্রাফট, ইউএস এয়ারক্রাফট, দিস ইজ চাইনিজ নেভাল ওয়ারশিপ ওয়ানসেভেনথ্রি। তুমি খুব কম উচ্চতায় আমার দিকে এগিয়ে আসছ। তোমার উদ্দেশ্য স্পষ্ট জানাও।

পাল্টা জবাবে নিকি স্লটার রেডিওতে বলেন, এটা মার্কিন সামরিক এয়ারক্রাফট। আমি তোমার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখব।

মার্কিন বিমাণবাহী রণতরী থেকে নিয়মিত নজরদারি ও টহল মিশনে দায়িত্ব পালন করছে পি-৮এ উড়োজাহাজ। প্রায়ই তাদের চীনা যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজের সামনে পড়তে হয় জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, যতক্ষণ পর্যন্ত চীনা পাইলটরা কথোপকথনে অংশ নেন, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো টেনশন বোধ করি না। অপর প্রান্ত থেকে জবাব না এলেই অস্বস্তি লাগে।

Comments (0)
Add Comment