তিন ম্যাচের টি২০ সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার গৌরবের অধিকারী হলো বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ মঙ্গলবার তৃতীয় টি২০ ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নামা স্বাগতিকরা ২০ ওভারে ২ উইকেটে ১৫৮ রান তোলে। জবাবে ইংলিশরা ৬ উইকেটে ১৪২ রান করতে সমর্থ হয়।
ডেভিড মালান ৪৭ বলে ৫৩ ও জস বাটলার ৩১ বলে ৪০ রান করেও দলকে জেতাতে পারেননি। তাসকিন আহমেদ ২৬ রানে দুটি উইকেট নেন। অভিষিক্ত তানভির ইসলাম, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান নেন একটি করে উইকেট।
এর আগে লিটন দাস ৭৩ ও নাজমুল হোসেন শান্ত ৪৭ রান করে দলকে লড়াইয়ে পুঁজি এনে দেন। ওপেনিং জুটিতে লিটন ও রনি তালুকদার ৫৫ রান যোগ করেন। এরপর দ্বিতীয় উইকেটে শান্ত ও লিটন যোগ করেন ৮৪ রান। লিটনের বিদায়ের পর সাকিবকে নিয়ে ১৯ রান তুলতে সমর্থ হন শান্ত।
এই ম্যাচে স্বাগতিক দলে এসেছে দুটি পরিবর্তন। আফিফ হোসেন ও নাসুম আহমেদের জায়গায় এসেছেন শামীম পাটোয়ারী ও তানভির ইসলাম। ৮৯তম ক্রিকেটার হিসেবে বাংলাদেশের হয়ে টি২০ অভিষেক হলো স্পিনার তানভিরের। অভিষেকের ম্যাচে প্রথম ওভারেই তিনি উইকেট নেয়ার কৃতিত্ব দেখান।
এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নেয় ইংল্যান্ড। এবার টি২০ সিরিজ জিতল টাইগাররা।