দুই শ্রেণির পাঠ্যপুস্তক সংশোধনের জন্য কর্মশালা

নতুন শিক্ষাক্রমে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির পাঠ্যপুস্তক সংশোধনের জন্য লেখকদের নিয়ে ৫ দিনব্যাপী একটি কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কর্মশালা উদ্বোধন করেন।

গতকাল সোমবার ব্রাক সিডিএম সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ফাহাদুল ইসলাম, ড. মুহম্মদ জাফর ইকবাল, আবুল মোমেন, ড. স্বরোচিষ সরকার, ড. নারায়ণ চন্দ্র বিশ্বাসসহ পাঠ্যপুস্তকের লেখকরা। আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে এ কর্মশালা।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, দুইশ বছর ধরে আমরা প্রশ্ন ও উত্তরনির্ভর শিক্ষাব্যবস্থায় অভ্যস্ত। এর ফলে প্রচলন হয়েছে মুখস্তবিদ্যার। তবে আমরা আমরা পেছনে ফিরে যাব না, সামনে যাব। নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের ভাবতে এবং বিশ্লেষণ করতে শেখানো হবে।

বিরোধী রাজনৈতিক দলসহ কিছু ধর্মীয় দল, গাইড বই ব্যবসায় জড়িত কিছু লোক এবং কিছু কোচিং করানো শিক্ষক নিজেদের স্বার্থহানির আশঙ্কায় এ কারিকুলামের বিরোধিতা করছেন বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

Comments (0)
Add Comment