জি টু জি পদ্ধতিতে বাংলাদেশ থেকে কর্মী গ্রহণসহ পারস্পরিক ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিতে মালয়েশিয়ার সাবাহ রাজ্য বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
১৯ জুন রাজ্যের চিফ মিনিস্টার ওয়াইবি দাতুক সেরি পাংলিমা হাজি হাজিজি নূর মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সরোয়ারের সঙ্গে কোটাকিনাবালুতে অনুষ্ঠিত এক বৈঠকে এ আগ্রহের কথা জানান।
বাংলাদেশের জন্য সম্ভাবনাময় সাবাহ রাজ্যের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে হাইকমিশনের পক্ষ থেকে খুব শিগগিরই মানবসম্পদ নিয়োগসহ সংশ্লিষ্ট সব বিষয়ে সাবাহ রাজ্য সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হবে। এর মাধ্যমে মালয়েশিয়ার এই অঞ্চলের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে এমনটি আশা করছেন সংশ্লিষ্টরা।
বৈঠকে হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার কথা তুলে ধরেন।
এছাড়াও সাবাহ ইকনোমি ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট অথরিটি, জিইএস কোটাকিনাবালু চাইনিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্ন বৈঠকে হাইকমিশনার বাংলাদেশকে বিনিয়োগের অপার সম্ভাবনাময় দেশ হিসেবে তুলে ধরে সাবাহ রাজ্যের বিনিয়োগকারীদের বাংলাদেশে ১০০টি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার আহ্বান জানান। এ ক্ষেত্রে হাইকমিশন পূর্ণ সহযোগিতার বিষয়ে আশ্বাস প্রদান করে।
পাশাপাশি তিনি সাবাহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাংলাদেশি গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন এবং অধিক সংখ্যক আগ্রহী বাংলাদেশি গবেষক ও শিক্ষার্থীরা যাতে এখানে উচ্চ শিক্ষা ও গবেষণার জন্য সহজে আসতে পারেন, সে ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন।