ওবামার চেয়ে ভ্লাদিমির পুতিনই ভালো : ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বারাক ওবামার চেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই নেতা হিসেবে ভালো। সাবেক সেনা কর্মকর্তাদের এক অনুষ্ঠানে ট্রাম্প এ মন্তব্য করেন। খবর বিবিসির।

ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে নানা প্রশ্নের জবাব দিয়েছেন ট্রাম্প ও তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন। নিউইয়র্কে ওই অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটনকে ৩০ মিনিট করে সময় দেয়া হয়।

এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমাদের প্রেসিডেন্টের চেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট অনেকটাই ভালো নেতা। তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট যখন তাকে চমৎকার বলেছেন তখন সেটিকে তিনি প্রশংসা হিসেবেই নিয়েছেন। পুতিনকে নিয়ে ট্রাম্পের এমন মন্তব্যের দিনে পেন্টাগনের প্রধান রাশিয়ার বিরুদ্ধে বিশ্বের অস্থিতিশীলতা তৈরির অভিযোগ এনেছেন।

ট্রাম্পের মতে পুতিনের তার দেশের ওপর অসাধারণ নিয়ন্ত্রণ রয়েছে। এর আগেও রাশিয়ার প্রেসিডেন্টের বিষয়ে মন্তব্য করে আলোচনায় এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ওই অনুষ্ঠানে অংশ নিয়ে ই-মেইল কেলেঙ্কারির বিষয়ে কথা বলেছেন হিলারি ক্লিনটন।

Comments (0)
Add Comment