সাবেক বিমানবাহিনী প্রধানের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার এক শোক বার্তায় রাষ্ট্রপ্রধান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পৃথক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, সুলতান মাহমুদ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় দুই নম্বর সেক্টর ও পরবর্তী সময়ে সেক্টর এক-এর কমান্ডিং অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে পরিচালিত বাংলাদেশ বিমান বাহিনীর কিলো ফ্লাইট অপারেশনে নেতৃত্ব দিয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তাঁকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়।

প্রধানমন্ত্রী এই অসীম সাহসী বীর মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Comments (0)
Add Comment