‘জওয়ান’-এর পেছনেই থাকল ‘অ্যানিমেল’

রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ ভারতীয় বক্স অফিসে দুর্দান্ত ওপেনিং করেছে। তবে বছরের শীর্ষ ওপেনিং থেকে অনেকটা দূরেই সরে থাকল। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

সিনেমার বাণিজ্যিক ট্র্যাকার সাকনিল্কের প্রাথমিক তথ্য অনুসারে, সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমাটি দেশীয় বাজারে ৬১ কোটি রুপি আয় করেছে। যা চলতি বছরে ওপেনিং আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’-এর আয়কে অতিক্রম করেছে। তবে ‘জওয়ান’-এর পেছনেই থাকল।

বাণিজ্য বিশ্লেষক রমেশ বালার মতে, প্রথম দিনে সিনেমাটির বিশ্বব্যাপী মোট সংগ্রহ ১১০-১১৫ কোটি রুপির মধ্যে। এক্স বার্তায় তিনি জানান, ‘অ্যানিমেল’ প্রথম দিনে উত্তর আমেরিকায় ২৫ লাখ ডলার আয় করেছে।

দিল্লি এনসিআর অঞ্চলে সিনেমাটির এক হাজার ৩১৮টি শো ছিল ও অকুপেন্সি ছিল ৭৯ শতাংশর বেশি। মুম্বাইতে সিনেমার এক হাজার ৪০টি শো নিয়ে আসন দখলের হার ছিল ৫৫ শতাংশের বেশি। হায়দারাবাদে ৩১৬ শোর বিপরীতে ৮২ শতাংশের বেশি। তবে চেন্নাইতে অবস্থা আশাপ্রদ নয়। সেখানে তামিল সংস্করণের ৮৮টি শোর অকুপেন্সি ছিল মাত্র ৩০ শতাংশ।

চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে বড় ওপেনার শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’, ভারত জুড়ে প্রথম দিনে আয় করে ৭৫ কোটি রুপি। ৫৭ কোটি রুপি নিয়ে দ্বিতীয় স্থানটি ‘পাঠান’-এর দখলে। এছাড়া সালমান খান অভিনীত ‘টাইগার থ্রি’ প্রথম দিনে আয় করে ৪৪ কোটি ৫০ লাখ রুপি।

অপরদিকে ‘অ্যানিমেল’-এর সঙ্গে একইদিনে মুক্তি পেয়েছে ভিকি কৌশল অভিনীত বায়োপিক ‘স্যাম বাহাদুর’। ছবিটি দেশীয় বাজারে আয় করেছে পাঁচ কোটি ৫০ লাখ রুপি।

Comments (0)
Add Comment