ঘন কুয়াশায় সৈয়দপুরে ফ্লাইটের সিডিউলে বিপর্যয়

দেশের উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুরে গতকাল সোমবার সকালে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে গোটা জনপদ। এ কারণে সৈয়দপুর বিমানবন্দরে বিমানের সিডিউল বিপর্যয় ঘটেছে।

দুপুর ১২টা পর্যন্ত কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি। ফলে চারটি ফ্লাইটের যাত্রীরা আটকা পড়েছেন বিমানবন্দর লাউঞ্জে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, মঙ্গলবার সৈয়দপুরে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। গত দুদিন ধরে এ জনপদে ঘন কুয়াশার সঙ্গে হালকা শৈত্যপ্রবাহ রয়েছে। ফলে কনকনে শীত অনুভূত হচ্ছে।

তিনি বলেন, প্লেন চলাচলের জন্য দুই হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) প্রয়োজন হয়, সেখানে ৭০০ মিটার ভিজিবিলিটি রয়েছে।

দুপুর ২টার পর আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর বিমান চলাচল শুরু হয়।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ ঘন কুয়াশার কারণে ফ্লাইটের সিডিউল বিপর্যয়ের কথা স্বীকার করে বলেন, কোনো ফ্লাইট বাতিল করা হয়নি। দুপুরের পর ফ্লাইট চলাচল শুরু হয়।

এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হান জানান, হঠাৎ করে শীত ও কুয়াশা বেড়েছে সৈয়দপুরে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Comments (0)
Add Comment