হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প আজ প্রেসিডেন্ট হওয়ার জন্য মার্কিন ভোটারদের সামনে কার্যত ‘সাক্ষাৎকার’ দেবেন। তাঁরাই ঠিক করবেন কে বেশি যোগ্য। এরপর আরও দুটি বিতর্কে তাঁরা মিলিত হবেন, কিন্তু প্রথম বিতর্কে পা হড়কে পড়লে উঠে দাঁড়ানো খুব কঠিন হবে।
ট্রাম্পের চেয়ে হিলারির জন্য ঝুঁকি বেশি। হিলারি সবচেয়ে অভিজ্ঞ, সবচেয়ে পরীক্ষিত প্রার্থী, এভাবেই তাঁকে দেশের জনগণের কাছে পরিচিত করানো হয়েছে। তা সত্ত্বেও এই দেশের ৫৫ শতাংশ মানুষ তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। গোড়া থেকেই হিলারি যে সুবিধাজনক অবস্থায় ছিলেন, গত এক মাস ই-মেইল বিতর্ক ও ক্লিনটন ফাউন্ডেশন নিয়ে কারচুপির অভিযোগ এবং শারীরিক সুস্থতা নিয়ে সন্দেহ তাতে ফাটল সৃষ্টি করেছে। বস্তুত, ঠিক এই মুহূর্তে জনসমর্থনের দিক দিয়ে হিলারি ও ট্রাম্পের মধ্যে কার্যত দূরত্ব নেই।
অন্যদিকে ট্রাম্পের ব্যাপারে সবার প্রত্যাশা এতই কম যে ৯০ মিনিট একেবারে গুলিয়ে না ফেললে তাঁকেই জয়ী ভাববে অধিকাংশ রিপাবলিকান এবং স্বতন্ত্র ভোটারদের একটি বড় অংশ। রাজনৈতিক পত্রিকা পলিটিকো অজ্ঞাতনামা এক ডেমোক্রেটিক নেতার কথা উদ্ধৃত করে লিখেছে, বক্তৃতামঞ্চে শুধু ভক করে বমি করে না দিলে ট্রাম্পই জয়ী হবেন। তবে ট্রাম্প অবিরাম মিথ্যা বলেন এবং দুই দিন আগে বলা নিজের কথা দুই দিন পর নিজেই উল্টে দেন, এমন অভিযোগ তাঁর বিরুদ্ধে রয়েছে। গত এক সপ্তাহে দেশের প্রধান তিনটি দৈনিক নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও লস অ্যাঞ্জেলেস টাইমস ট্রাম্পের মিথ্যাচারের দীর্ঘ তালিকা প্রকাশ করেছে। আজ তাঁর কাজ হবে সেসব ‘মিথ্যাচারের’ জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আসা।
হিলারির শিবির থেকে দাবি করা হয়েছে, বিতর্কের সঞ্চালক এনবিসি টিভির লেস্টর হল্টের কাজ হবে ট্রাম্প মুখের ওপর মিথ্যা বললে তা চ্যালেঞ্জ করা। ট্রাম্প অবশ্য মনে করেন, ‘ফ্যাক্ট চেকার’-এর দায়িত্ব পালন করা সঞ্চালকের কাজ নয়। যে নির্দলীয় কমিশনের তত্ত্বাবধানে এই বিতর্ক, তারাও মনে করে, হল্টের উচিত হবে না কোন তথ্য ঠিক না ভুল, তা নিয়ে বচসায় লিপ্ত হওয়া। তবে সরাসরি মিথ্যাচার—যেমন ট্রাম্প গোড়া থেকেই ইরাক যুদ্ধের বিপক্ষে, এ দাবি—চ্যালেঞ্জ না করলে হল্টের ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে।
যুক্তরাষ্ট্রের নির্বাচন ২০১৬সম্ভাব্য কোনো বিপদ এড়াতে হিলারির তরফ থেকে এরই মধ্যে ‘নারীর প্রতি বৈষম্যের’ অভিযোগ উঠেছে। নারী প্রার্থীদের প্রতি পুরুষ সঞ্চালকদের কঠিন ও বিতর্কিত প্রশ্ন ছুড়ে দেওয়ার প্রবণতা রয়েছে। অন্যদিকে ট্রাম্পের সব বাগাড়ম্বর ও যোগ্যতা নিয়ে সবাই এতটা উদাসীন যে সঞ্চালকেরা তাঁর প্রতি সহজ প্রশ্ন ছুড়ে দিতেই অভ্যস্ত। রিপাবলিকান দলের এ প্রার্থী অবশ্য ভিন্ন কথা বলেছেন। অধিকাংশ সঞ্চালক ডেমোক্র্যাট, ফলে তাঁর প্রতি কঠিন প্রশ্ন করেই তাঁরা আনন্দ পান। কিন্তু ট্রাম্পের এই অভিযোগ সত্য নয়, নিউইয়র্ক টাইমস-এর তথ্য অনুসারে এ বছর মাত্র একজন সঞ্চালক ছিলেন ডেমোক্র্যাট, বাকি সবাই রিপাবলিকান বা নির্দলীয়।
অধিকাংশ পর্যবেক্ষক একমত, বিতর্কের প্রথম ৩০ মিনিটেই নির্ধারিত হয়ে যাবে কে জিতেছেন। হিলারি ও ট্রাম্পের জন্য গুরুত্বপূর্ণ হবে তাঁদের শরীরী ভাষা। কেউ উদ্বিগ্ন হয়ে কপালের ঘাম মুছলেন কি না, কখন বিতর্ক শেষ হবে এই ভেবে ঘন ঘন ঘড়ির দিকে তাকাচ্ছেন কি না, বা অপর প্রার্থীর প্রতি অতিরিক্ত ‘আক্রমণাত্মক’ কি না, দর্শক তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন। কেনেডির সঙ্গে বিতর্কে বারবার রুমাল দিয়ে কপালের ঘাম মুছে বিপদে পড়েছিলেন নিক্সন। বিল ক্লিনটনের সঙ্গে বিতর্কে বারবার ঘড়ির দিকে তাকিয়ে নিজের ‘সর্বনাশ ডেকে এনেছিলেন’ জর্জ বুশ সিনিয়র। এ ধরনের যেকোনো ভুল হিলারি বা ট্রাম্প উভয়ের জন্য বিপজ্জনক হতে পারে।
অতিরিক্ত ‘পণ্ডিতিও’ বিপদের কারণ হতে পারে। হিলারি বরাবরই যেকোনো প্রশ্নে বিস্তর তথ্য-প্রমাণ তুলে ধরে নিজের অভিজ্ঞতা ও পাণ্ডিত্য প্রমাণে ব্যস্ত হয়ে পড়েন। তাঁর কোনো কোনো জবাব এত লম্বা হয় যে দর্শক-শ্রোতা অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলে। অন্যদিকে ট্রাম্প অনেক সময়ই এক বা দুই লাইনে কথা সারতে পছন্দ করেন। সম্ভবত এর চেয়ে বেশি কিছু বলার মতো তাঁর থাকেও না। এ কারণেই হয়তো তিনি ‘আমার ওপর আস্থা রাখুন, সব ঠিক করে দেব’-জাতীয় অতি আস্থাপূর্ণ ঘোষণা দিয়ে থাকেন। এ কৌশল তাঁর জন্য বিপদ ডেকে আনতে পারে। এই লোকটি ‘ফাঁপা’—এ ধারণা এর ফলে আরও বদ্ধমূল হতে পারে।
ট্রাম্প এ পর্যন্ত তাঁর সব প্রতিদ্বন্দ্বীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বাহবা কুড়িয়েছেন। মার্কো রুবিওকে তিনি বেঁটে বলে খোঁচা দিয়েছেন, জেব বুশকে তিরস্কার করেছেন ‘লো এনার্জি’ বলে। হিলারির নাম দিয়েছেন তিনি ‘শঠ ও মিথ্যাবাদী’। বাছাইপর্বে ট্রাম্পের এই অভ্যাস রিপাবলিকান ভোটাররা ক্ষমার চোখে দেখেছেন। কিন্তু প্রেসিডেন্ট পদের জন্য সাক্ষাৎকারে তিনি কতটা ‘প্রেসিডেনশিয়াল’, সবাই তা খুঁটিয়ে দেখবেন।
হিলারি বড় কাঠখোট্টা, এমন অভিযোগ রয়েছে। বিতর্কে নিজেকে নির্ভার ও হাসিখুশি প্রমাণ করা তাঁর জন্য বাড়তি চাপ হবে। ট্রাম্পকে বেকায়দায় ফেলার জন্য তাঁর শিবির থেকে ইতিমধ্যেই বেশ কয়েকটি বাছাই করা তির্যক বাক্যবাণ সাজানো হয়েছে, সেসব মোক্ষম সময়ে নিক্ষেপে সক্ষম হলে হিলারি বাড়তি পয়েন্ট পাবেন, এমন আশা তাঁর লোকজনের।
পাদটীকা: ট্রাম্প জানিয়েছিলেন, হিলারিকে বিব্রত করতে তিনি তাঁর স্বামী বিল ক্লিনটনের প্রাক্তন প্রেমিকা জেনিফার ফ্লাওয়ারকে বিতর্ক অনুষ্ঠানে একদম প্রথম সারিতে বসার ব্যবস্থা করে দেবেন। গতকাল ট্রাম্পের রানিং মেট, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্স জানিয়েছেন, ফ্লাওয়ারকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। হিলারির শিবির অবশ্য তাদের মোক্ষম অস্ত্র, ট্রাম্পের কট্টর সমালোচক ও শত কোটিপতি মার্ক কুবানকে পাঠানো আমন্ত্রণ এখনো বহাল রেখেছে।