বিমান বাহিনীর চালক পদে প্রশ্নপত্রের টাকা নিতে গিয়ে ধরা দুই ভুয়া র‌্যাব

জয়পুরহাটের আক্কেলপুর থেকে দুই ভুয়া র‍্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার মাস্টারপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আকটকৃতরা হলেন- তরিকুল ইসলাম সোহাগ (২৭) ও তার সহযোগী হোসেন (২০)। তরিকুল নাটোর জেলার নলডাঙা উপজেলার বাসুদেবপুত্র বাজারের জাহাঙ্গির আলমের ছেলে এবং নাঈম জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার চকবিলা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।

গতকাল রোববার (১৪ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫ সিপিসি-৩ কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার সনজয় কুমার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তরিকুল ইসলাম সোহাগ এসআই পদে থেকে র‌্যাব বাহিনীতে আছেন, আর তার সহযোগী নাইম হোসেন বাংলাদেশ বিমান বাহিনীর অফিস সহায়ক পদে চাকরি করেন এসব কথা বলে বিভিন্নজনকে চাকরির প্রলোভন দিতেন তারা। এমনভাবে মাস্টারপাড়া এলাকার এক ব্যক্তিকে বাংলাদেশ বিমানবাহিনীর সিভিল গাড়িচালক পদে চাকরি দেয়ার আশ্বাস দেন। ওই ব্যক্তির সঙ্গে তরিকুল ও নাইমের মৌখিকভাবে ১২ লাখ টাকা চুক্তি হয়। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তারা দুজন মাস্টারপাড়া এলাকায় আসেন। এরপর ওই পদের পরীক্ষার প্রশ্নপত্র দেয়ার নামে অগ্রিম ২৬ হাজার ৩শ টাকা দাবি করেন। বিষয়টি চাকরিপ্রত্যাশী ব্যক্তির সন্দেহ হলে ঘটনাটি র‌্যাবকে জানায়। র‌্যাব ওই চাকরি প্রত্যাশীর সঙ্গে পরিকল্পনা করে তরিকুল ও নাইমকে গ্রেপ্তার করে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার দুজন প্রতারক চক্রের সঙ্গে জড়িত। তাদের মধ্যে তরিকুলের কাছে র‌্যাবের জ্যাকেট পাওয়া গেছে। তারা র‌্যাব সদস্য পরিচয়ে এসব অপরাধমূলক কাজ করতেন। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাদেরকে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments (0)
Add Comment