ইরানে চালানো ইসরায়েলি বিমান হামলার সাথে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। তবে ইরানে ইসারায়েলের হামলাকে ‘আত্মরক্ষার’ অংশ হিসেবে দেখছে হোয়াইট হাউজ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকেও ইসরায়েলি হামলা সম্পর্কে অবহিত করা হয়েছে। তিনি এর ওপর কড়া নজর রাখছেন।
ইরানে ইসরায়েলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রও। দেশটির জাতীয় নিরা পত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট এক বিবৃতিতে বলেন, আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। এটি ১ অক্টোবর ইরানের হামলার জবাব।
আজ শনিবার ভোরে ইরানে হামলা চালায় ইসরায়েল। রাজধানী তেহরানে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে তারা। তবে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়, তেহরান ঘিরে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কীভাবে এসব বিস্ফোরণ হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাজধানীর কাছেই কারাজ শহরেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।