সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও একজন বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি হজ মৌসুমে মৃত হজযাত্রীর সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।
মৃত হজযাত্রী হলেন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বাসিন্দা মোসাম্মাত নিলুফা বেগম (৫৭)। তিনি ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন এবং মক্কায় অবস্থানকালে তার মৃত্যু হয়।
বুধবার (৬ মে) ভোর ৩টার দিকে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইসিটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়।
সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মৃত হজযাত্রীদের মধ্যে ৮ জন পুরুষ এবং ২ জন নারী রয়েছেন। তাদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে মক্কায় এবং ২ জনের মৃত্যু হয়েছে মদিনায়।
এদিকে হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ১২০টি হজ ফ্লাইটের মাধ্যমে মোট ৪৭,০৪০ জন বাংলাদেশী হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪,০৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪২,৯৬৯ জন হজযাত্রী।
এ পর্যন্ত হজ ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৫টি, সৌদি এয়ারলাইন্স ৪৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজ পালন করবেন, যার মধ্যে ৭৩,৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় এবং ৪,৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় হজে গেছেন।
গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ফিরতি হজ ফ্লাইট ৩০ মে থেকে শুরু হওয়ার কথা রয়েছে এবং পুরো ফিরতি কার্যক্রম ৩০ জুনের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।