ইরানের হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ বিমান ধ্বংস

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ই-৩ সেন্ট্রি’ (E-3 Sentry) কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিমান ধ্বংস হয়েছে। ব্লুমবার্গ, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইতিহাসে এই প্রথম যুদ্ধক্ষেত্রে এ ধরনের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হলো।
অনলাইনে প্রকাশিত ভিডিও ফুটেজ ও কর্মকর্তাদের ভাষ্যমতে, শুক্রবারের এই হামলায় ১২ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন এবং বেশ কিছু জ্বালানি সরবরাহকারী বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ধ্বংস হওয়া ই-৩ সেন্ট্রি বিমানটি উন্নত রাডার প্রযুক্তির মাধ্যমে শত শত কিলোমিটার দূর থেকে শত্রু ক্ষেপণাস্ত্র ও বিমান শনাক্ত করতে সক্ষম ছিল এবং যুদ্ধক্ষেত্রে আকাশ থেকে সরাসরি নির্দেশনা দিত।
বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে এ ধরনের মাত্র ১৬টি বিমান অবশিষ্ট আছে।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এই বিমানের কোনো সহজ বিকল্প বর্তমানে নেই। এর নিকটতম বিকল্প ‘ই-৭ ওয়েজটেইল’ তৈরি করতে প্রায় ৭০০ মিলিয়ন ডলার খরচ হতে পারে।
এই ঘটনাটি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সক্ষমতার ওপর একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে।
Comments (0)
Add Comment