ভারতের কারাগারে মৃত্যুর পর ১১ মাসে দেশে ফিরল আজিজুরের মরদেহ

ভারতের কারাগারে মৃত্যুর পর ১১ মাসে দেশে ফিরল আজিজুরের মরদেহ

বিশেষ প্রতিনিধি : বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে ফিরিয়ে আনা হয়েছে এক বাংলাদেশি নাগরিকের মরদেহ। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা-ফুলবাড়ি স্থলবন্দরে স্বজনদের কাছে তা হস্তান্তর করা হয়।

মৃত ব্যক্তির নাম আজিজুর রহমান। তিনি রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাসিন্দা মো. মোতুজ্জারের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৩ মে সীমান্তবর্তী এলাকায় ঘাস কাটার সময় ভুলবশত শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন আজিজুর। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী Border Security Force (বিএসএফ) তাকে আটক করে। পরে তাকে ভারতের শিলিগুড়ি এলাকায় একটি কারাগারে পাঠানো হয়।

পরিবারের দাবি, আটকের পর তার ওপর নির্যাতন চালানো হয়। অসুস্থ হয়ে পড়লে গত ২২ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেদিনই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

প্রায় ১১ মাস পর নানা আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ দেশে ফেরানো সম্ভব হয়েছে। দীর্ঘসূত্রতার পেছনে আইনি জটিলতা ও অর্থনৈতিক সীমাবদ্ধতা ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা যায়, আজিজুর রহমানের পরিবার আর্থিকভাবে অত্যন্ত অসচ্ছল। তার দুই মেয়ে ও এক মানসিক প্রতিবন্ধী ছেলে রয়েছে। মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পেরে পরিবারটি দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিল। পরে বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতা সরকারি উদ্যোগে মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে।

শেষ পর্যন্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উভয় দেশের ইমিগ্রেশন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, দুই দেশের প্রচলিত আইন মেনে সব প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Comments (0)
Add Comment