ভারত তাদের দেশীয় বিমান পরিষেবা সংস্থাগুলোর ওপর অর্থের বোঝা কিছুটা কমাতে উদ্যোগ নিয়েছে। আগামী তিন মাসের জন্য দেশটির প্রধান ও বড় বিমানবন্দরগুলোর ল্যান্ডিং ও পার্কিং চার্জ ২৫ শতাংশ হ্রাস করা হয়েছে।
তবে এই সুবিধা শুধুমাত্র দেশীয় এয়ারলাইনগুলোর অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
তাদের প্রতিবেদন অনুযায়ী, ভারতের বিমানবন্দরগুলোর অর্থনীতি বিষয়ক কর্তৃপক্ষ এয়ারপোর্টস ইকোনমিক রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (এইআরএ) এই সিদ্ধান্ত নিয়েছে।
কেন এই সিদ্ধান্ত? ইরানে উত্তেজনা ও যুদ্ধের জেরে বিশ্ববাজারে জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় ভারতের দুটি বৃহত্তম বিমান সংস্থা— ইন্ডিগো এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়া— বিমানবন্দরগুলোর কিছু চার্জ কমানোর আবেদন করেছিল। সেই আবেদনের প্রেক্ষিতেই এই পদক্ষেপ নিয়েছে ডিজিএসএ (বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর)।
আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে বিমান সংস্থাগুলোর সবচেয়ে বেশি খরচ হয় তিনটি খাতে— জ্বালানি, কর্মীদের বেতন-ভাতা এবং বিমানবন্দরের ল্যান্ডিং-পার্কিং চার্জ। তাই বর্তমান জ্বালানি মূল্যবৃদ্ধির সময় এই চার্জ কমানো দেশি এয়ারলাইনগুলোর জন্য বড় স্বস্তি।
এইআরএ আরও জানিয়েছে, চার্জ কমানোর এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
তবে এতে যদি বিমানবন্দরগুলোর রাজস্ব আদায়ে কোনো ঘাটতি দেখা দেয়, তাহলে ভবিষ্যতের শুল্ক পর্যালোচনায় সেটি সমাধান করা হবে।