নারী প্রশ্নে হিলারি ও ট্রাম্পের বিজ্ঞাপন-যুদ্ধ

যুক্তরাষ্ট্রের মোট ভোটারের ৫৩ শতাংশ নারী। এদের দলের টানার জন্য উঠেপড়ে লেগেছেন হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। দুই শিবিরই এই কাজে ব্যবহার করছেন ভিডিও বিজ্ঞাপন।
নারীদের ব্যাপারে ট্রাম্প গত তিন দশক বিস্তর মন্তব্য করেছেন যা বিতর্কিত, কারও কারও ভাষ্যে রীতিমতো অপমানজনক। ক্লিনটন শিবির থেকে ৫৫ সেকেন্ড দীর্ঘ এক ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে ট্রাম্পের নিজের কথা ব্যবহার করে নারীদের ব্যাপারে তাঁর মনোভাব তুলে ধরা হয়েছে।
‘হ্যাভিং ফান’ বা ‘মজা পাচ্ছিলাম’ শীর্ষক ভিডিওটির শুরু জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ড. অজের সঙ্গে ট্রাম্পের এক সাক্ষাৎকার দিয়ে। ড. অজ তাঁকে প্রশ্ন করেন, ‘অতীতে আপনি মেয়েদের ব্যাপারে নানা মন্তব্য করেছেন।’ ট্রাম্পের উত্তর, ‘আমরা সবাই তো মজা পাচ্ছিলাম’। এরপর বিভিন্ন সময়ে ট্রাম্প নারীদের ব্যাপারে যেসব মন্তব্য করেছেন, একের পর এক তার ভিডিও তুলে ধরা হয়। বাড়তি কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ নয়, কিন্তু ট্রাম্প যাকে ‘ফান’ বলছিলেন, তা যে নারীদের জন্য তীব্র অপমানজনক, সে কথা কোনো দর্শকের কাছে অজ্ঞাত থাকে না।

ট্রাম্প শিবির থেকে নারীদের প্রশ্নে যে ভিডিও বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে, তাতে তারকার ভূমিকা নিয়েছেন ট্রাম্পের কন্যা ইভানকা। ‘মাতৃত্ব’ নামের ভিডিওটিতে প্রসূতির জন্য বেতনসহ ছুটি ও কর মওকুফের যে প্রস্তাব ট্রাম্প করেছেন, তার সমর্থনে বক্তব্য রেখেছেন ইভানকা। ‘আমি একই সঙ্গে একজন মা, স্ত্রী ও ব্যবসায়ী’, নিজেকে এইভাবে পরিচিত করে বাবার পক্ষে সাফাই গেয়ে ইভানকা বলেন, কর্মজীবী মেয়েদের কী সমস্যা, তাদের কী প্রয়োজন, আমার বাবা তা জানেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি আমেরিকার বস্তাপচা আইন বদলে এমন নতুন আইন করবেন, যেন আমেরিকার নারী ও তাদের পরিবার উপকৃত হয়।’

Comments (0)
Add Comment