কক্সবাজার বিমানবন্দর থেকে আগামী কয়েক মাসের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে যাচ্ছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, এ লক্ষ্যে ইতিমধ্যে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) কাছ থেকে প্রয়োজনীয় সনদপত্র সংগ্রহ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি আরও জানান, বিমানবন্দরের রানওয়ে সমুদ্রের দিকে ৯ হাজার ফুট থেকে বাড়িয়ে ১০ হাজার ৭০০ ফুট করা হয়েছে, যাতে পূর্ণ লোডে বড় আকৃতির বিমান উঠানামা করতে পারে।
এছাড়া ১৭ হাজার ৯৫৫ বর্গমিটার আয়তনের নতুন আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণ শেষ হয়েছে।
ভবনটির টেস্টিং ও কমিশনিংয়ের কাজ শেষ করতে কয়েক মাস সময় লাগবে, এর পরই পুরোদমে চালু হবে।
আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে বিভিন্ন এয়ারলাইনসের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলে সংসদে জানান মন্ত্রী আফরোজা খানম।