জ্বালানি সংকটে মার্কিন লো-কস্ট এয়ারলাইন্সের কর ছাড়ের দাবি

আকাশছোঁয়া জেট ফুয়েলের মূল্যবৃদ্ধিতে প্রকট চাপে পড়েছে যুক্তরাষ্ট্রের স্বল্পমূল্যের বিমান সংস্থাগুলো।

ক্রমবর্ধমান পরিচালন ব্যয় মোকাবেলায় তারা অস্থায়ী কর ছাড়ের দাবি জানিয়েছে।

আগামীকাল মার্কিন পরিবহন সচিব শন ডাফির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান লো-কস্ট এয়ারলাইন্সগুলোর প্রধান নির্বাহীরা (সিইও)।

ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানির দাম বাড়ায় সৃষ্ট এই চাপ মোকাবেলায় কর ছাড়ের বিষয়টি সেখানে উত্থাপন করবেন তারা।

ইতিমধ্যে স্পিরিট এয়ারলাইন্স, ফ্রন্টিয়ার এয়ারলাইন্স, অ্যালেজিয়েন্ট এয়ার, সান কান্ট্রি এয়ারলাইন্স ও অ্যাভেলো এয়ারলাইন্সের প্রতিনিধিদের জোট গত সপ্তাহে কংগ্রেসের নেতাদের কাছে একটি চিঠি দিয়েছে।

ওই চিঠিতে আইনপ্রণেতাদের কাছে বিমান টিকিটের ওপর আরোপিত ৭.৫ শতাংশ ফেডারেল আবগারি শুল্ক ও প্রতি সেগমেন্টে ৫.৩০ ডলার কর সাময়িক স্থগিত করার আইন পাসের আহ্বান জানানো হয়।

এয়ারলাইন্সগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব ভ্যালু এয়ারলাইন্স জানিয়েছে, এই কর মওকুফ করা গেলে জেট ফুয়েলের অতিরিক্ত ব্যয়ের প্রায় এক-তৃতীয়াংশ পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

খাতসংশ্লিষ্টদের মতে, জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি সংকটে পড়েছে স্বল্পমূল্যের এয়ারলাইন্সগুলো।

কর ছাড় দিলে যাত্রীদের জন্য টিকিটের মূল্যও তুলনামূলকভাবে স্থিতিশীল রাখা সম্ভব হবে।

Comments (0)
Add Comment