শাহ আমানত বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সুবিধা চালু

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের জন্য নতুন দুটি গুরুত্বপূর্ণ সেবা চালু করা হয়েছে।

সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রীরা বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা এবং স্বল্পমূল্যে ব্যাগেজ র‍্যাপিং সুবিধা চালু হয়েছে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর জানান, বিদেশ থেকে ফিরে আসা অসুস্থ প্রবাসী বা মৃত কোনো প্রবাসীর মরদেহ পরিবারের কাছে পৌঁছে দিতে বিমানবন্দর এলাকায় সার্বক্ষণিক বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে, ওয়েজ আর্নার্স কার্ডধারী যাত্রীরা মাত্র ১০০ টাকায় ব্যাগেজ র‍্যাপিং সুবিধা গ্রহণ করতে পারবেন।

সোমবার বিমানবন্দরের টার্মিনাল ভবনের সম্মেলন কক্ষে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আয়োজিত এক সভায় এসব তথ্য জানান বিমানবন্দর পরিচালক। সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীদের একটি বড় অংশই প্রবাসী শ্রমিক। তাদের ভ্রমণ আরও সহজ ও নিরাপদ করতে ধাপে ধাপে নানা সেবামূলক উদ্যোগ নেওয়া হচ্ছে।

ইতোমধ্যে যাত্রীদের জন্য বিমানবন্দরে বিনামূল্যে ওয়াই-ফাই, মোবাইল চার্জিং স্টেশন, টেলিফোন বুথ, নামাজের স্থান, শিশুদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার, নতুন লাউঞ্জ চেয়ার ও আন্তর্জাতিক মানের স্মোকিং জোন তৈরি করা হয়েছে। এছাড়া বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য অ্যাপ্রোন এলাকায় র‍্যাম্প কার সেবাও চালু রয়েছে।

যাত্রী হয়রানি বন্ধ ও সেবার মান উন্নয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথাও সভায় জানানো হয়। পাশাপাশি বেশ কয়েকটি বেসরকারি সংস্থা দুস্থ প্রবাসীদের সহায়তায় কাজ করছে।

অনুষ্ঠানের কর্মকর্তারা আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই তাদের জন্য বিমানবন্দরে আরও মানবিক ও যাত্রীবান্ধব পরিবেশ গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Comments (0)
Add Comment