বিমানের নতুন পরিচালনা পর্ষদের প্রথম বৈঠক, কৌশলগত পরিকল্পনায় গুরুত্ব
ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর নবগঠিত পরিচালনা পর্ষদ রোববার রাজধানীর প্রধান কার্যালয় বলাকায় দিনব্যাপী প্রথম সভায় মিলিত হয়েছে। এতে সংস্থাটির গুরুত্বপূর্ণ পরিচালনাগত ও কৌশলগত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
গত ২৫ এপ্রিল বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়-এর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ১৩ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। এই সভার মধ্য দিয়ে পর্ষদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
পুনর্গঠিত পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রুমী এ. হোসেন, যিনি ব্যাংক এশিয়া পিএলসির স্পনসর পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সভায় বিমানের আর্থিক ব্যবস্থাপনা, সেবার মানোন্নয়ন, বহর সম্প্রসারণ পরিকল্পনা, ভবিষ্যৎ কৌশলগত রোডম্যাপ এবং নিরাপত্তা মান জোরদারের বিষয়গুলো পর্যালোচনা করা হয়।
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পতাকাবাহী এই সংস্থার দক্ষতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে সরকার ইতোমধ্যে একাধিক গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত কার্যকর করেছে।
সরকার আশা প্রকাশ করেছে, প্রশাসন, প্রতিরক্ষা, ব্যাংকিং, ব্যবসা, আইন ও শিক্ষাখাতের অভিজ্ঞ পেশাদারদের সমন্বয়ে গঠিত নতুন পরিচালনা পর্ষদ বিমানের কার্যক্রমে গতি আনবে এবং সংস্থাটিকে একটি আধুনিক, স্বনির্ভর ও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক এয়ারলাইন্সে রূপান্তরে কার্যকর ভূমিকা রাখবে।