সিলেটে ফ্লাই দুবাইয়ের ফ্লাইট চালুর পরিকল্পনা

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এয়ারলাইন্স ফ্লাই দুবাই।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মিজ আফরোজা খানম বলেন, বর্তমানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডন, দুবাই, আবুধাবি, মাসকট, জেদ্দা, শারজাহ ও দোহা রুটে সপ্তাহে ২৩টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে। তবে এসব রুটে এখনো অন্য কোনো এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে না।

মন্ত্রী আরও জানান, ২০১৭ সালের মার্চ থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত সিলেট-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করেছিল ফ্লাই দুবাই।

পরে তারা বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। তবে বর্তমানে সংস্থাটি পুনরায় সিলেট থেকে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে।

এর আগে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী তার প্রশ্নে বলেন, সিলেট-৬ এলাকার অধিকাংশ মানুষ বিদেশ ও দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করেন।

কিন্তু আকাশপথে যাতায়াতের একমাত্র মাধ্যম সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়া অন্য কোনো বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট নেই।

তিনি প্রবাসী, রেমিট্যান্স প্রেরণকারী ও বিদেশি পর্যটকদের ভোগান্তি কমানো এবং সরকারের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দেশের এয়ারলাইন্সের ফ্লাইট চালুতে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চান।

Comments (0)
Add Comment