বিশেষ প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা পুরোপুরি স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে ফ্লাইট কার্যক্রম বাড়ানোর ঘোষণা দিয়েছে দুবাই এয়ারপোর্ট। গত দুই মাসের আঞ্চলিক আকাশপথে বিঘ্ন কাটিয়ে ওঠার পর এখন বিমান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে সংস্থাটি।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আঞ্চলিক রুটের সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে ফ্লাইট সংখ্যা বাড়ানো হচ্ছে, যাতে এয়ারলাইন্সগুলো ধাপে ধাপে তাদের স্বাভাবিক সূচিতে ফিরতে পারে।
সংস্থাটি জানায়, আকাশসীমায় নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও গত দুই মাসে ৬০ লাখের বেশি যাত্রীর নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা হয়েছে। একই সময়ে ৩২ হাজারের বেশি ফ্লাইট চলাচল এবং ২ লাখ ১৩ হাজার টনের বেশি জরুরি কার্গো পরিবহন করা হয়েছে Dubai International Airport এবং Al Maktoum International Airport-এর মাধ্যমে।
পরিবর্তনশীল পরিস্থিতিতে কার্যক্রম চালিয়ে যেতে পুরো oneDXB কমিউনিটির মধ্যে তাৎক্ষণিক সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানানো হয়। এয়ারলাইন্স, গ্রাউন্ড স্টাফ ও সংশ্লিষ্ট অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টায় যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
Dubai Airports আরও জানায়, এই সময়টি তাদের নেটওয়ার্কের স্থিতিশীলতা ও দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা প্রমাণ করেছে। আকাশপথের সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে তারা পরবর্তী প্রবৃদ্ধির ধাপের জন্য প্রস্তুত রয়েছে।
এদিকে Dubai হয়ে ভ্রমণের চাহিদা এখনও শক্তিশালী রয়েছে বলে উল্লেখ করা হয়েছে, এবং সেই চাহিদা পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।