দেশে উড়োজাহাজের জ্বালানির দাম কমেছে প্রতি লিটারে ২২ টাকা

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পুরোপুরি থামার সম্ভাবনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে।

এর প্রভাবে বাংলাদেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ২২ টাকা (২১ টাকা ৬৩ পয়সা) কমেছে।

বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে, যা আজ দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ২০৫ টাকা ৪৫ পয়সা, যা আগে ছিল ২২৭ টাকা ৮ পয়সা।

অর্থাৎ লিটারে দাম কমেছে ২১ টাকা ৬৩ পয়সা।

অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম ১.৪৮০৬ ডলার থেকে কমিয়ে ১.৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত মার্চ মাসে জেট ফুয়েলের দাম দুই দফায় বাড়িয়ে প্রতি লিটারে ১০৭ টাকা এবং এপ্রিলে আরও ২৪ টাকা ৭৯ পয়সা বাড়ানো হয়েছিল।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে গত ফেব্রুয়ারিতে দেশের অভ্যন্তরীণ জেট ফুয়েলের দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট ইরানে আক্রমণের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সূত্রপাত হয়।

পরবর্তী সময়ে ইরানের পাল্টা হামলায় তেলসমৃদ্ধ পুরো অঞ্চল যুদ্ধে জড়িয়ে পড়ে।

যুদ্ধে জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হলে বিশ্ববাজারে তেলের দাম চড়তে থাকে।

তবে সম্প্রতি শান্তি আলোচনায় ইতিবাচক অগ্রগতির খবরে তেলের দাম কমতে শুরু করেছে।

জেট ফুয়েলের দাম এখন মাসিক ভিত্তিতে সমন্বয় করছে বিইআরসি।

চলতি বছরের ২৩ মার্চ গণশুনানির মাধ্যমে প্রথমবার জেট ফুয়েলের দাম নির্ধারণের পর থেকেই এই প্রক্রিয়া চালু রয়েছে।

এর আগে দাম নির্ধারণের দায়িত্বে থাকা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এ ক্ষমতা গত বছরের ১৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিইআরসিকে হস্তান্তর করা হয়।

Comments (0)
Add Comment