লুফথানসার ফার্স্ট ক্লাসে বড় পরিবর্তন, দম্পতিদের জন্য ৫০% ছাড় চালু

জার্মানির বিমান সংস্থা লুফথানসা তাদের বিলাসবহুল “আলেগ্রিস ফার্স্ট ক্লাস স্যুইট প্লাস” সেবার মূল্যনীতি বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে

জার্মানির বিমান সংস্থা লুফথানসা তাদের বিলাসবহুল “আলেগ্রিস ফার্স্ট ক্লাস স্যুইট প্লাস” সেবার মূল্যনীতি বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। এয়ারবাস এ৩৫০-৯০০ উড়োজাহাজে থাকা এই বিশেষ ডাবল স্যুইট ব্যবহারে আগের অতিরিক্ত ফি তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে দম্পতিদের জন্য দ্বিতীয় ফার্স্ট ক্লাস টিকিটে ৫০ শতাংশ ছাড় চালু করা হচ্ছে। নতুন এই নিয়ম ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।
লুফথানসার নতুন প্রজন্মের আলেগ্রিস ফার্স্ট ক্লাস কেবিন এয়ারবাস এ৩৫০-৯০০ উড়োজাহাজে চালু করা হয়েছে। এতে রয়েছে দুটি আলাদা জানালার পাশের স্যুইট এবং মাঝখানে দুই যাত্রীর জন্য বিশেষ “স্যুইট প্লাস” ব্যবস্থা। এই ডাবল স্যুইট মূলত একসঙ্গে ভ্রমণকারী যাত্রীদের জন্য বিলাসবহুল অভিজ্ঞতা দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।
তবে শুরু থেকেই এই সেবার মূল্য নিয়ে প্রশ্ন ওঠে। আগে এই স্যুইট ব্যবহারের জন্য যাত্রীদের দুটি পূর্ণাঙ্গ ফার্স্ট ক্লাস টিকিট অথবা একক যাত্রীর ক্ষেত্রে অতিরিক্ত দুই হাজার পাঁচশ থেকে তিন হাজার মার্কিন ডলার পর্যন্ত দিতে হতো। এতে অনেক যাত্রী অসন্তোষ প্রকাশ করেন।
নতুন নীতিমালার আওতায় এখন থেকে ফার্স্ট ক্লাস যাত্রীরা কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই আগাম স্যুইট প্লাস নির্বাচন করতে পারবেন, যদি আসন খালি থাকে। এছাড়া দুজন একসঙ্গে ভ্রমণ করলে দ্বিতীয় যাত্রীর টিকিটে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, লুফথানসার এই সিদ্ধান্ত প্রিমিয়াম কেবিন সেবায় যাত্রী আকর্ষণ বাড়াবে এবং বুকিং প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করবে। বিশ্বের অন্যান্য বড় এয়ারলাইন্স যেমন এমিরেটস ও সিঙ্গাপুর এয়ারলাইন্স সাধারণত ফার্স্ট ক্লাস স্যুইট নির্বাচনের জন্য আলাদা ফি নেয় না। ফলে লুফথানসাও এখন একই ধরনের সহজ মূল্যনীতির দিকে ঝুঁকছে।
লুফথানসা তাদের দীর্ঘপাল্লার বহরে ধাপে ধাপে নতুন আলেগ্রিস কেবিন যুক্ত করছে। প্রতিষ্ঠানটি আশা করছে, নতুন ছাড় ও ফি বাতিলের ফলে আন্তমহাদেশীয় রুটে দম্পতিদের ফার্স্ট ক্লাস ভ্রমণের আগ্রহ আরও বাড়বে।

Comments (0)
Add Comment