ব্ল্যাকলিস্টে বাংলাদেশিসহ ৯৯ অভিবাসী, ফেরত পাঠাল মালয়েশিয়া

ব্ল্যাকলিস্টে বাংলাদেশিসহ ৯৯ অভিবাসী, ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় অভিযান চালিয়ে আটক বিভিন্ন দেশের ৯৯ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। প্রত্যাবাসিতদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। বুধবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১) হয়ে তাদের নিজ দেশে পাঠানো হয়।

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ফেরত পাঠানোদের মধ্যে ৬৪ জন পুরুষ ও ৩৫ জন নারী রয়েছেন। তারা বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, চীন, নেপাল, ভিয়েতনাম, পাকিস্তান ও ভারতের নাগরিক। এর আগে তাদের কেদাহর সিক এলাকায় অবস্থিত বেলান্তিক ইমিগ্রেশন ডিপোতে আটক রাখা হয়েছিল।

ইমিগ্রেশন বিভাগ জানায়, বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ, নির্ধারিত সময়ের বেশি অবস্থান এবং অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়। দেশটির অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রুলস ১৯৬৩ অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও সাজা সম্পন্ন করার পর তাদের প্রত্যাবাসন করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রত্যাবাসিতদের সবার বৈধ ভ্রমণ নথি নিশ্চিত করা হয়েছে। যাদের প্রয়োজন হয়েছে, তাদের নিজ নিজ দূতাবাসের মাধ্যমে অস্থায়ী ভ্রমণ নথি বা ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট (ইটিডি) সংগ্রহ করা হয়।

কেদাহ ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ফেরত পাঠানো সব অভিবাসীকে ব্ল্যাকলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে নির্ধারিত সময় পর্যন্ত তারা মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বলছে, অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং সাজা সম্পন্ন হওয়া আটক ব্যক্তিদের দ্রুত নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে।

Comments (0)
Add Comment