কয়েক হাজার ওয়ার্ক ভিসা বাতিল করল সৌদি, চলছে ব্যাপক অভিযান

কয়েক হাজার ওয়ার্ক ভিসা বাতিল করল সৌদি, চলছে ব্যাপক অভিযান

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে সাত হাজার ২০০-এর বেশি ওয়ার্ক ভিসা বাতিল করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। একই সঙ্গে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিভিন্ন সরকারি সেবাও স্থগিত করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে তদারকি দল ও স্মার্ট নজরদারি ব্যবস্থার মাধ্যমে প্রায় ৯১ হাজার সন্দেহজনক ঘটনা তদন্ত করা হয়। এতে ১৩ হাজার ৫০৯টি অবৈধ কর্মসংস্থানের ঘটনা শনাক্ত হয়। খবর গালফ নিউজের।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর ভিসা বাতিলের পাশাপাশি সৌদির ‘নিতাকাত’ কর্মসূচির হিসাব থেকেও সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। ২০২৬ সালের শুরু থেকে বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালিত পরিদর্শনে প্রায় এক লাখ ৬৮ হাজার শ্রম আইন লঙ্ঘনের ঘটনা ধরা পড়ে।

এদিকে, শ্রম আইন মেনে চলতে প্রতিষ্ঠানগুলোকে প্রায় দুই লাখ ৩০ হাজার সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সময়ে নিয়োগকারী অফিসগুলোর বিরুদ্ধে তিন হাজার ৫২২টি লঙ্ঘনের ঘটনাও রেকর্ড করা হয়েছে।

ডিজিটাল নজরদারির অংশ হিসেবে অবৈধ গৃহকর্মী সেবা প্রচারের অভিযোগে ২৩৮টি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এছাড়া মানবপাচার প্রতিরোধ কার্যক্রমের আওতায় প্রায় ৫৪ হাজার ঘটনার ওপর আগাম তদন্ত ও পরিদর্শন চালানো হয়েছে।

জনসাধারণের সহযোগিতার প্রশংসা করে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নাগরিকদের কাছ থেকে পাওয়া ১৫ হাজার ৫৬৩টি অভিযোগের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে প্রায় ৯৭ শতাংশ অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।

Comments (0)
Add Comment