বিশ্বের সবচেয়ে বিস্তৃত ভ্রমণ বীমা সেবা চালু করল এমিরেটস

আন্তর্জাতিক ভ্রমণকে আরও নিরাপদ ও ঝামেলামুক্ত করতে বিশ্বের অন্যতম শীর্ষ বিমান সংস্থা এমিরেটস নতুন একটি ভ্রমণ বীমা সেবা চালু করেছে

আন্তর্জাতিক ভ্রমণকে আরও নিরাপদ ও ঝামেলামুক্ত করতে বিশ্বের অন্যতম শীর্ষ বিমান সংস্থা এমিরেটস নতুন একটি ভ্রমণ বীমা সেবা চালু করেছে। সংস্থাটির দাবি, এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বিস্তৃত ও সমন্বিত ট্রাভেল ইন্স্যুরেন্স কভার। নতুন এই সেবার মাধ্যমে যাত্রীরা ভ্রমণকালীন নানা ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতিতে অতিরিক্ত সুরক্ষা পাবেন।

‘এমিরেটস কমপ্রিহেনসিভ ট্রাভেল কভার’ নামের এই বীমা প্যাকেজটি ট্রাভেল গার্ডের সহযোগিতায় তৈরি করা হয়েছে। এর বিশেষ বৈশিষ্ট্য হলো, এটি সংঘাত বা যুদ্ধ পরিস্থিতি থেকে উদ্ভূত চিকিৎসা ব্যয়ও কভার করবে। এমন সুবিধা আগে কোনো আন্তর্জাতিক এয়ারলাইনের ভ্রমণ বীমা পণ্যে খুব কমই দেখা গেছে।

এমিরেটস জানিয়েছে, কোনো যাত্রীর ফ্লাইট সংঘাতজনিত কারণে বাতিল হলে তাকে অতিরিক্ত খরচ ছাড়াই গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। প্রয়োজনে এমিরেটসের নিজস্ব ফ্লাইটের পরিবর্তে অন্য এয়ারলাইনের ফ্লাইটেও পুনরায় বুকিং করে দেওয়া হবে। বিশেষ করে যেসব ভ্রমণসূচিতে একাধিক এয়ারলাইনের সংযোগ রয়েছে, সেসব ক্ষেত্রেও এই সুবিধা প্রযোজ্য হবে।

নতুন বীমা প্যাকেজে বিমান চলাচলে বিঘ্ন, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া কিংবা অন্যান্য ভ্রমণ জটিলতার কারণে যাত্রা বিলম্বিত হলে হোটেল আবাসনের ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে যাত্রীরা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে অতিরিক্ত আর্থিক চাপ থেকে মুক্ত থাকতে পারবেন।

এছাড়া নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ভ্রমণের মেয়াদ বিনা খরচে অতিরিক্ত ৩০ দিন পর্যন্ত বাড়ানোর সুবিধাও রয়েছে। দীর্ঘ সময় আটকে পড়া যাত্রীদের জন্য অতিরিক্ত সহায়তা এবং প্রয়োজনীয় সেবাও এই কভারের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এমিরেটসের প্রেসিডেন্ট স্যার টিম ক্লার্ক বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী ভ্রমণ পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। যাত্রীদের মতামত এবং বাড়তি নিরাপত্তা চাহিদার কথা বিবেচনা করেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এটি ভ্রমণকারীদের আরও বেশি আত্মবিশ্বাসের সঙ্গে আন্তর্জাতিক সফর করতে সহায়তা করবে।

ট্রাভেল গার্ডের গ্লোবাল বিজনেস অ্যান্ড পার্টনারশিপস বিভাগের প্রধান রাসেল আন্তোনিও বলেন, আধুনিক ভ্রমণকারীদের পরিবর্তিত চাহিদা পূরণে এই বীমা প্যাকেজ একটি নতুন মানদণ্ড স্থাপন করবে। তাঁর মতে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যাত্রীদের জন্য এমন বিস্তৃত সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এমিরেটস জানিয়েছে, নতুন এই ভ্রমণ বীমা সেবা তুলনামূলক সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। যাত্রীরা টিকিট বুকিংয়ের সময় অথবা পরবর্তীতে বুকিং ব্যবস্থাপনা প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই এই সুবিধা যুক্ত করতে পারবেন।

Comments (0)
Add Comment