ইউরোপজুড়ে নতুন করে দেখা দেওয়া বিমান চলাচল সংকটের কারণে হাজারো যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইউরোপের বিভিন্ন আকাশপথে ২ হাজার ৯৮টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং ১৪১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে কেএলএম, ব্রিটিশ এয়ারওয়েজ এবং ইজিজেটসহ বেশ কয়েকটি বড় বিমান সংস্থার যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে প্যারিস, লন্ডন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে শত শত যাত্রী আটকা পড়েছেন।
সাম্প্রতিক এই অস্থিরতার ফলে ইউরোপের প্রধান বিমানবন্দরগুলোতে আবারও চাপ বেড়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যে ধারাবাহিক বিঘ্নতা দেখা যাচ্ছিল, তারই নতুন একটি ধাপ হিসেবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সেবা ও শিল্পখাতের বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জার্মানি, নেদারল্যান্ডস, রাশিয়া এবং আশপাশের কয়েকটি দেশের আকাশপথে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে।
লন্ডনের হিথ্রো, প্যারিসের শার্ল দ্য গল এবং আমস্টারডামের স্খিফোল বিমানবন্দর বর্তমানে সবচেয়ে বেশি চাপে রয়েছে। এসব বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ সারি, ভিড়াক্রান্ত টার্মিনাল এবং সংযোগ ফ্লাইট মিস করার ঘটনা ক্রমাগত বাড়ছে। উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এদিকে জার্মানি ও রাশিয়ার আঞ্চলিক বিমানবন্দরগুলোতেও এর প্রভাব পড়েছে। বিভিন্ন ফ্লাইট ও ক্রু নির্ধারিত অবস্থান থেকে বিচ্যুত হওয়ায় বিমান সংস্থাগুলোকে সময়সূচি পুনর্বিন্যাস করতে হচ্ছে। কোথাও কোথাও ফ্লাইট সংখ্যা কমানো বা একাধিক সেবা একত্রিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যাত্রীরা জানান, অনেক ক্ষেত্রে তাদের বোর্ডিং গেটে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। শেষ মুহূর্তে গেট পরিবর্তন, সংযোগ ফ্লাইট বাতিল এবং বিকল্প যাত্রার ব্যবস্থা করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক যাত্রীকে বাধ্য হয়ে বিমানবন্দরের আশপাশের হোটেলে রাত কাটাতে হচ্ছে, আবার কেউ কেউ ট্রেন বা সড়কপথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন বিমানবন্দরে সমস্যার কারণ একেক রকম হলেও সামগ্রিকভাবে এর প্রভাব পুরো ইউরোপীয় বিমান চলাচল ব্যবস্থার ওপর পড়ছে। বর্তমানে গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুম পুরোদমে শুরু হওয়ায় যাত্রীচাহিদা অত্যন্ত বেশি। ফলে একটি বড় বিমানবন্দরে সামান্য সমস্যা তৈরি হলেও তা দ্রুত অন্যান্য বিমানবন্দরে ছড়িয়ে পড়ছে এবং পুরো মহাদেশজুড়ে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি করছে।