১৩তম বছরে ইউএস-বাংলা, ফ্লাইট চলছে ২০ গন্তব্যে

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স সফলভাবে এক যুগ পার করে ১৩তম বর্ষে পদার্পণ করেছে।

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স সফলভাবে এক যুগ পার করে ১৩তম বর্ষে পদার্পণ করেছে। ২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে ২০টি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি তাদের যাত্রী, শুভানুধ্যায়ী এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রা শুরু হয়েছিল একটি ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে ঢাকা-যশোর রুটে। মাত্র এক যুগের ব্যবধানে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমান সংস্থায় পরিণত হয়েছে। বর্তমানে ইউএস-বাংলার বহরে রয়েছে মোট ২৫টি উড়োজাহাজ। এর মধ্যে রয়েছে ৩টি এয়ারবাস এ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০সহ বিভিন্ন ধরনের আধুনিক বিমান। যাত্রা শুরুর পর থেকে ৯০ শতাংশেরও বেশি অন-টাইম ফ্লাইট পরিচালনার রেকর্ড ধরে রেখেছে সংস্থাটি।

বর্তমানে ইউএস-বাংলা দেশের অভ্যন্তরে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সৈয়দপুর ও রাজশাহী রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। আন্তর্জাতিক রুটে ২০১৬ সালের ১৫ মে ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটের মাধ্যমে কার্যক্রম শুরু করে সংস্থাটি। বর্তমানে কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজুসহ একাধিক আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

আগামী কয়েক বছরে বহর ও রুট সম্প্রসারণেরও বড় পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলার। ২০২৭ সালের মধ্যে বহরে ১৫টি নতুন বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০ নেক্সট জেনারেশন বিমান যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সময়ে নেপালের কাঠমান্ডু রুটে পুনরায় ফ্লাইট চালুর প্রস্তুতিও চলছে।

প্রবাসী বাংলাদেশিদের চাহিদাকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কলম্বো, জহুরবারু, পেনাং ও হংকংয়ে ফ্লাইট চালুর লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি। এছাড়া ২০২৮ সালের মধ্যে লন্ডন, রোমসহ ইউরোপের বিভিন্ন গন্তব্য এবং ২০৩০ সালের মধ্যে নিউইয়র্ক, টরন্টো ও অস্ট্রেলিয়ার সিডনিতে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স ইতোমধ্যে যাত্রীসেবার মান ধরে রাখার স্বীকৃতি হিসেবে ২০১৫, ২০২২, ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সালে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ পুরস্কার অর্জন করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন বলেন, প্রতিযোগিতামূলক বৈশ্বিক বিমান পরিবহন খাতে টিকে থাকতে আধুনিক উড়োজাহাজ ও উন্নত সেবার বিকল্প নেই। যাত্রীদের আরও নিরাপদ, সময়নিষ্ঠ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে বহর সম্প্রসারণ করছে। তিনি ইউএস-বাংলার এই এক যুগের সফল যাত্রায় যাত্রী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, গণমাধ্যমকর্মী এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

Comments (0)
Add Comment