এমিরেটস এয়ারলাইনস চলতি গ্রীষ্ম মৌসুমে ৮৬ লাখের বেশি যাত্রী পরিবহন করেছে। শীত মৌসুমকে সামনে রেখে বুকিংয়েও শক্তিশালী প্রবৃদ্ধি দেখা যাচ্ছে বলে জানিয়েছে দুবাইভিত্তিক এই বিমান সংস্থা। একই সঙ্গে নতুন গন্তব্যে ফ্লাইট চালু, বিদ্যমান রুটে ফ্লাইট বাড়ানো এবং এয়ারবাস এ৩৮০ ও এ৩৫০ উড়োজাহাজের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করেছে এমিরেটস।
এয়ারলাইনসটি জানিয়েছে, অক্টোবরের শেষদিকে শুরু হতে যাওয়া শীত মৌসুমের বুকিং গত বছরের তুলনায় বেশ ভালো অবস্থানে রয়েছে। দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, ভারত, পর্তুগাল, মিসর, ঘানা, কলম্বিয়া, সৌদি আরব ও পাকিস্তানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে ভ্রমণের চাহিদা গত বছরের তুলনায় বেড়েছে। নেপালেও এমিরেটসের সহযোগী বিমান সংস্থা ফ্লাইদুবাইয়ের মাধ্যমে যাত্রী চাহিদা শক্তিশালী রয়েছে।
বর্তমানে এমিরেটস তাদের আগের বিঘ্ন-পূর্ব সক্ষমতার প্রায় ৯৩ শতাংশে কার্যক্রম পরিচালনা করছে। জুলাই ও আগস্ট—এই দুই মাসে ৮৬ লাখের বেশি যাত্রী পরিবহনের পাশাপাশি বিভিন্ন অঞ্চলের ফ্লাইটে আসন পূরণের হারও ভালো ছিল। পশ্চিম এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আমেরিকা ও আফ্রিকার রুটগুলোতে গ্রীষ্মে আসন পূরণের হার ৭৫ শতাংশের বেশি ছিল। ইন্দোনেশিয়া, আইভরি কোস্ট ও যুক্তরাজ্যের রুটগুলো ছিল সবচেয়ে ভালো পারফরম্যান্স করা রুটগুলোর মধ্যে।
দুবাইমুখী যাত্রী চাহিদাও শক্তিশালী রয়েছে। আগস্টের শেষ দিকে শুধু এমিরেটসের ফ্লাইটেই ৫ লাখের বেশি যাত্রী দুবাইয়ে পৌঁছেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ বেশি।
নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে ১ অক্টোবর থেকে এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজ দিয়ে হেলসিঙ্কিতে ফ্লাইট চালু করবে এমিরেটস। বর্তমানে এ৩৫০ উড়োজাহাজটি দুবাই থেকে ৩০টি গন্তব্যে চলাচল করছে। বছর শেষে এই সংখ্যা বেড়ে ৩৬টি হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া আক্রা, টোকিও নারিতা, হো চি মিন সিটি ও হ্যানয়ে দ্বিতীয় দৈনিক ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। দিল্লির একটি দৈনিক ফ্লাইটেও এয়ারবাস এ৩৮০ যুক্ত করা হবে। অক্টোবরের শেষ থেকে লারনাকা, মাল্টা, নাইরোবি ও হামবুর্গ রুটে এ৩৫০ চালু হবে। নভেম্বরে এই তালিকায় যুক্ত হবে মরিশাস।
এমিরেটসের প্রিমিয়াম ইকোনমি সেবাও সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে ৯০টি গন্তব্যে এই সেবা পাওয়া যাচ্ছে। বছরের শেষ নাগাদ আরও ছয়টি গন্তব্যে এটি চালু হবে। এর মধ্যে প্যারিস, দিল্লি ও স্টকহোম রয়েছে।
এদিকে এমিরেটসের ১৩৭টি উড়োজাহাজে প্রিমিয়াম ইকোনমি ও সর্বশেষ কেবিন সুবিধা যুক্ত হয়েছে। ডিসেম্বরের মধ্যে এ সংখ্যা ১৫৫-তে পৌঁছানোর লক্ষ্য রয়েছে। ১০৪টি উড়োজাহাজ ইতোমধ্যে আধুনিকায়ন করা হয়েছে। পাশাপাশি প্রায় ৫০টি উড়োজাহাজে স্টারলিংক ইন্টারনেট সুবিধা যুক্ত হয়েছে।
এমিরেটস ও ফ্লাইদুবাইয়ের অংশীদারিত্বে ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ২ কোটি ৮০ লাখের বেশি যাত্রী ভ্রমণ করেছেন। দুই সংস্থা যৌথভাবে ১০০টির বেশি দেশের ২১৪টির বেশি গন্তব্যে সংযোগ দিচ্ছে।