নিউইয়র্ক–সিডনি ননস্টপ ফ্লাইট চালু করবে কান্তাস

২০২৮ সালের মাঝামাঝি সময়ে নিউইয়র্ক ও অস্ট্রেলিয়ার সিডনির মধ্যে ইতিহাসের প্রথম নিয়মিত ননস্টপ বাণিজ্যিক ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে কান্তাস এয়ারওয়েজ।

২০২৮ সালের মাঝামাঝি সময়ে নিউইয়র্ক ও অস্ট্রেলিয়ার সিডনির মধ্যে ইতিহাসের প্রথম নিয়মিত ননস্টপ বাণিজ্যিক ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে কান্তাস এয়ারওয়েজ। প্রায় ১৮ ঘণ্টার এই দীর্ঘপাল্লার ফ্লাইট হবে অস্ট্রেলীয় বিমান সংস্থাটির ‘প্রজেক্ট সানরাইজ’ কর্মসূচির দ্বিতীয় রুট।

প্রজেক্ট সানরাইজের আওতায় দীর্ঘপাল্লার উড়োজাহাজ ব্যবহার করে অস্ট্রেলিয়া থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে কোনো যাত্রাবিরতি ছাড়াই সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে কান্তাস। এর আগে সিডনি–লন্ডন রুটে ননস্টপ ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২৭ সালের অক্টোবর থেকে ওই রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। সিডনি থেকে লন্ডনে সরাসরি যেতে সময় লাগবে প্রায় ২২ ঘণ্টা।

বর্তমানে সিঙ্গাপুর এয়ারলাইনস নিউইয়র্ক থেকে সিঙ্গাপুর পর্যন্ত প্রায় ১৯ ঘণ্টার ননস্টপ ফ্লাইট পরিচালনা করছে, যা বিশ্বের দীর্ঘতম নিয়মিত বাণিজ্যিক যাত্রীবাহী ফ্লাইটগুলোর অন্যতম। কান্তাসের নতুন সেবাগুলো চালু হলে দীর্ঘপাল্লার সরাসরি বিমান যোগাযোগে আরও নতুন মাত্রা যোগ হবে।

কান্তাসের হিসাব অনুযায়ী, নিউইয়র্ক–সিডনি ননস্টপ ফ্লাইটে বর্তমান দ্রুততম সংযোগকারী ফ্লাইটের তুলনায় প্রায় তিন ঘণ্টা এবং সিডনি–লন্ডন রুটে প্রায় চার ঘণ্টা সময় সাশ্রয় হবে। ফলে যাত্রীদের মাঝপথে বিমান পরিবর্তন বা যাত্রাবিরতি ছাড়াই দীর্ঘ ভ্রমণ সম্পন্ন করার সুযোগ তৈরি হবে।

কান্তাসের প্রধান নির্বাহী ভ্যানেসা হাডসন বলেছেন, দীর্ঘপাল্লার ননস্টপ ভ্রমণের প্রতি যাত্রীদের আগ্রহ বাড়ছে। বিশেষ করে অনেক যাত্রী মাঝপথে কোথাও থামতে চান না এবং এই সুবিধার জন্য অতিরিক্ত ভাড়া দিতেও প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন।

প্রজেক্ট সানরাইজের জন্য বিশেষভাবে তৈরি এয়ারবাস এ৩৫০-১০০০ইউএলআর উড়োজাহাজ ব্যবহার করবে কান্তাস। এসব উড়োজাহাজ প্রায় ২২ ঘণ্টা পর্যন্ত উড়তে সক্ষম। কান্তাস এই মডেলের ১২টি উড়োজাহাজের অর্ডার দিয়েছে। নতুন উড়োজাহাজগুলো ধীরে ধীরে বহরে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আরও দীর্ঘপাল্লার রুট চালুর পরিকল্পনা রয়েছে।

উড়োজাহাজগুলোতে মোট ২৩৮টি আসন থাকবে। এতে ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস, প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি—এই চার ধরনের কেবিন থাকবে। উড়োজাহাজের প্রায় ৪০ শতাংশ জায়গা প্রিমিয়াম শ্রেণির আসনের জন্য রাখা হবে। দীর্ঘপাল্লার যাত্রায় আরাম ও প্রিমিয়াম ভ্রমণের চাহিদা বিবেচনায় এই বিন্যাস করা হয়েছে।

কান্তাস জানিয়েছে, প্রজেক্ট সানরাইজের দুই রুটের টিকিট আগামী বছর থেকে বিক্রি শুরু হবে। সিডনি–লন্ডন রুটের টিকিট ফেব্রুয়ারি এবং সিডনি–নিউইয়র্ক রুটের টিকিট আগস্ট থেকে বিক্রির পরিকল্পনা রয়েছে। তবে ভাড়ার আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি।

 

প্রাথমিকভাবে ননস্টপ ফ্লাইটের ভাড়া একবার যাত্রাবিরতিযুক্ত ফ্লাইটের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি রাখার বিষয়টি বিবেচনা করছে কান্তাস। ভবিষ্যতে নতুন উড়োজাহাজ বহরে যুক্ত হলে মেলবোর্ন থেকেও লন্ডন ও নিউইয়র্কের মতো দীর্ঘপাল্লার ননস্টপ রুট চালুর পরিকল্পনা রয়েছে।

Comments (0)
Add Comment