ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের সঙ্গে মধ্য এশিয়া ও ইউরোপের বিমান যোগাযোগ সম্প্রসারণ করেছে ভিয়েতজেট এয়ার। নতুন রুট চালুর মাধ্যমে আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ, সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি এবং পর্যটন খাতের বিকাশে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
১০ অক্টোবর হ্যানয় সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন বিভাগ এবং ভিয়েতজেট এয়ারের সহযোগিতায় হ্যানয়–আলমাটি, হ্যানয়–প্রাগ এবং আলমাটি–প্রাগ রুটে ফ্লাইট চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে হ্যানয়ের পর্যটন বিভাগের উপপরিচালক ত্রান ত্রুং হিউসহ ভিয়েতজেট এয়ার ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নতুন রুটগুলো চালুর ফলে ভিয়েতনাম, কাজাখস্তান ও চেক প্রজাতন্ত্রের মধ্যে যাত্রী চলাচল সহজ হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ব্যবসা, পর্যটন এবং পণ্য পরিবহনেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
প্রাগ বিমানবন্দরের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রাদোমির লাশাক জানান, হ্যানয়ের সঙ্গে নিয়মিত ফ্লাইট চালু হওয়া বিমানবন্দরের দূরপাল্লার আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাঁর প্রত্যাশা, প্রথম বছরে নতুন রুটে উভয় দিকে ৬৭ হাজারের বেশি যাত্রী পরিবহন করা সম্ভব হবে। এতে চেক প্রজাতন্ত্রে বসবাসরত ভিয়েতনামি জনগোষ্ঠীর স্বজনদের সঙ্গে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি ভিয়েতনামে চেক পর্যটকদের আগ্রহও বাড়বে।
ভিয়েতজেট এয়ারের মহাপরিচালক নগুয়েন থান সন বলেন, নতুন রুটগুলো চালুর মাধ্যমে মধ্য এশিয়া ও ইউরোপের বিভিন্ন গন্তব্যে ভিয়েতনামের যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে। পরিকল্পনা অনুযায়ী, এসব রুটে এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ ব্যবহার করে প্রতি সপ্তাহে মঙ্গলবার ও শনিবার দুটি করে আসা-যাওয়ার ফ্লাইট পরিচালনা করা হবে।
এদিকে, হ্যানয়ের পর্যটন খাতেও প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। ২০২৬ সালের প্রথম নয় মাসে শহরটিতে আনুমানিক ২ কোটি ৭৫ লাখ ৪০ হাজার পর্যটকের আগমন ঘটেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ২ শতাংশ বেশি। এ সময় আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা বেড়ে ৬৬ লাখ ৭০ হাজারে দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেশি। পর্যটন খাত থেকে রাজস্বের পরিমাণও বেড়ে ১১৩ দশমিক ১৫ ট্রিলিয়ন ভিয়েতনামি ডং হয়েছে।
পর্যটকদের আকৃষ্ট করতে হ্যানয় ঐতিহাসিক স্থাপনা, ঐতিহ্যবাহী সংস্কৃতি, স্থানীয় খাবার এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যটনসেবা উন্নয়নে কাজ করছে।
সংশ্লিষ্টদের আশা, নতুন বিমান রুটগুলো হ্যানয়ের আন্তর্জাতিক পর্যটন বাজার সম্প্রসারণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত এবং ভিয়েতনামের সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বব্যাপী তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।