কোয়াং ত্রি বিমানবন্দরে প্রথম কারিগরি ফ্লাইট পরিচালনা

ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে প্রথমবারের মতো কারিগরি ফ্লাইট পরিচালনা করা হয়েছে।

ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে প্রথমবারের মতো কারিগরি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। বিমানবন্দরের আকাশসীমার নিরাপত্তা যাচাই, রানওয়ের দুই প্রান্তের প্রতিবন্ধকতা পর্যালোচনা এবং উড্ডয়ন-অবতরণের উপযোগিতা মূল্যায়নের লক্ষ্যে এ ফ্লাইট পরিচালিত হয়। ২০২৭ সালের মার্চের মধ্যে বিমানবন্দরটি বাণিজ্যিক কার্যক্রমে আনার প্রস্তুতির অংশ হিসেবে এটিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

ভিয়েতনামের সংবাদমাধ্যম বাও তিয়েন ফংয়ের প্রতিবেদন অনুযায়ী, ১৫ অক্টোবর কোয়াং ত্রি প্রদেশের কর্তৃপক্ষ, টিঅ্যান্ডটি গ্রুপ, কোয়াং ত্রি এয়ারপোর্ট কোম্পানি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে এই কারিগরি ফ্লাইটের আয়োজন করা হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন জরিপ ও মানচিত্রায়ন সংস্থা সেসনা ২০৮ মডেলের একটি উড়োজাহাজ ব্যবহার করে পরীক্ষাটি পরিচালনা করে। প্রায় ৬০ থেকে ৯০ মিনিটের এই ফ্লাইটে উড়োজাহাজটি ডং হোই বিমানবন্দর থেকে উড্ডয়ন করে কোয়াং ত্রি বিমানবন্দরের ওপর দিয়ে তিনটি মূল্যায়ন ফ্লাইট পরিচালনা করে। এ সময় ৩০০ ও ৬০০ মিটার উচ্চতায় গড়ে ঘণ্টায় ২২০ কিলোমিটার গতিতে উড়ে বিশেষ যন্ত্রের সাহায্যে প্রয়োজনীয় তথ্য ও ছবি সংগ্রহ করা হয়।

এসব তথ্যের মাধ্যমে রানওয়ের দুই প্রান্তের আকাশসীমা, সম্ভাব্য প্রতিবন্ধকতা এবং উড্ডয়ন-অবতরণের নিরাপত্তাসংক্রান্ত পরিস্থিতি মূল্যায়ন করা হবে। একই সঙ্গে রানওয়ে, ট্যাক্সিওয়ে ও উড়োজাহাজ পার্কিং এলাকার অবকাঠামোও পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

২০২৬ সালের অক্টোবরের শুরু পর্যন্ত বিমানবন্দরটির মোট নির্মাণকাজের ৮০ শতাংশের বেশি সম্পন্ন হয়েছে। উড়োজাহাজ পার্কিং এলাকা প্রস্তুত হয়েছে। রানওয়ে ও ট্যাক্সিওয়ের কাজ প্রায় ৯৮ শতাংশ এবং যাত্রী টার্মিনালের কাজ ৮০ শতাংশের বেশি শেষ হয়েছে। এ ছাড়া এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের নির্মাণকাজ ৯০ শতাংশের বেশি সম্পন্ন হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারির মধ্যে আকাশপথ পরিচালনা ও নিয়ন্ত্রণের সরঞ্জাম স্থাপনের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

২০২৬ সালের জুলাইয়ে সংশোধিত পরিকল্পনা অনুযায়ী, বিমানবন্দরটিকে চতুর্থ শ্রেণির ৪সি থেকে ৪ই পর্যায়ে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বোয়িং ৭৭৭, বোয়িং ৭৮৭ ও এয়ারবাস এ৩৫০-এর মতো বড় আকারের উড়োজাহাজ পরিচালনার সক্ষমতা তৈরির লক্ষ্য রয়েছে।

বিমানবন্দর পরিচালনার প্রস্তুতিতে ভিয়েতনাম এয়ারপোর্টস করপোরেশনের সঙ্গেও সহযোগিতা করছে প্রকল্প কর্তৃপক্ষ। পাশাপাশি ভিয়েট্রাভেল এয়ারলাইনস, ভিয়েতজেট এয়ার ও সান ফু কুওক এয়ারওয়েজের সঙ্গে ২০২৬-২০৩০ সময়কালে বিমান পরিবহন উন্নয়নে চুক্তি করেছে কোয়াং ত্রি প্রদেশ।

প্রাথমিকভাবে হ্যানয় ও হো চি মিন সিটির সঙ্গে আকাশপথে যোগাযোগ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সব কারিগরি পরীক্ষা, অবকাঠামো উন্নয়ন ও অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হলে ২০২৭ সালের মার্চে বিমানবন্দরটির বাণিজ্যিক কার্যক্রম শুরুর লক্ষ্য রয়েছে।

Comments (0)
Add Comment