যৌন কেলেঙ্কারির আরও অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

ওয়াশিংটন পোেস্ট
গত শুক্রবার ‘সেক্স টেপ’ প্রকাশিত হওয়ার ধাক্কা সামলানোর আগে নতুন অভিযোগের সম্মুখীন হয়েছেন ট্রাম্প। গত বুধবার নিউইয়র্ক টাইমস পত্রিকা দুজন নারীর কথা উল্লেখ করে জানিয়েছে, ট্রাম্প তাঁদের সঙ্গে যৌন নিপীড়নমূলক আচরণ করেছেন। ফ্লোরিডার পাম বিচ পোস্ট আরও এক নারীর বরাতে একই অভিযোগ উত্থাপন করেছে।
৭৪ বছর বয়স্ক এক নারী নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, ৩০ বছর আগে বিমানে পাশের আসনে বসা ট্রাম্প তাঁর ওপর চড়াও হয়ে পোশাকের নিচে হাত দিয়ে তাঁকে লাঞ্ছনার চেষ্টা করেন। ওই নারী বলেন, ট্রাম্প অক্টোপাসের মতো তাঁর শরীরের সর্বত্র হাত বুলাতে থাকেন। অপর এক নারী পত্রিকাটিকে জানিয়েছেন, ২০০৫ সালে নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে লিফটের সামনে প্রথমবারের মতো পরিচিত হওয়ার সময় ট্রাম্প তাঁকে জড়িয়ে ধরেন ও ঠোঁটে চুমু খান। পাম বিচ পোস্ট তৃতীয় যে নারীর কথা বলেছে, তিনি জানিয়েছেন ১৩ বছর আগে ফ্লোরিডায় এক চলচ্চিত্র নির্মাণের সময় ট্রাম্প পেছন থেকে এসে তাঁর নিতম্ব প্যাঁচিয়ে ধরেন।
স্কাই নিউজ জানিয়েছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ১৯৯২ সালে সিবিএস টেলিভিশনের এন্টারটেইনমেন্ট টুনাইট অনুষ্ঠানের সময় ভিডিওটি ধারণ করা হয়। এতে ১০ বছর বয়সী এক মেয়েকে লক্ষ করে ধনাঢ্য এই উদ্যোক্তাকে বলতে শোনা যায়, ‘১০ বছর পর ওর সঙ্গে ডেট করব আমি, বিশ্বাস করবেন আপনি?’ শিশুটি তখন সবে অনুষ্ঠানের মঞ্চে উঠেছে। ট্রাম্পের বয়স তখন ৪৬ বছর। এক বছর আগেই প্রথম স্ত্রী ইভানকার সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে তাঁর।
একজন মুখপাত্রের মাধ্যমে ট্রাম্প এসব অভিযোগকে বানানো ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন। তিনি নিউইয়র্ক টাইমস-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন। এর পেছনে হিলারি ও তাঁর প্রচার দল জড়িত, এই অভিযোগ করে দুদিন আগে পেনসিলভানিয়ায় এক জনসভায় ট্রাম্প হুমকি দেন, নতুন কোনো টেপ ছাড়া হলে তিনিও বিল ক্লিনটনের কেলেঙ্কারি খুঁচিয়ে খুঁচিয়ে বার করবেন।
এদিকে একাধিক সূত্র থেকে জানা গেছে, এনবিসি টিভির কাছে ট্রাম্পের আরও মারাত্মক অশ্লীল টেপ রয়েছে। এনবিসির সংরক্ষণাগার থেকে অজ্ঞাতনামা ব্যক্তি ট্রাম্পের সেক্স টেপটি উদ্ধার করে ওয়াশিংটন পোস্ট পত্রিকার হাতে তুলে দিয়েছিলেন। এই এনবিসিতেই ট্রাম্পের ‘অ্যাপ্রেনটিস’ নামের রিয়্যালিটি টিভি শোটি প্রচারিত হতো। জানা গেছে, অনুষ্ঠানটি রেকর্ড করার সময় ট্রাম্প খোলামেলাভাবেই অশ্লীল কথা বলতেন, এমনকি অংশগ্রহণকারীদের সঙ্গে সঙ্গমের ইচ্ছাও প্রকাশ করতেন। এই অনুষ্ঠানের একজন প্রাক্তন প্রযোজক বলেছেন, এসব কথাবার্তার ধারণ করা টেপের কথা তিনি নিজে জানেন। তবে কতগুলো বা কী ধরনের ভিডিও রেকর্ড তাদের কাছে আছে, এনবিসি সে কথা জানাতে অস্বীকার করেছে। সে রকম কোনো টেপ থাকলে তা অবিলম্বে প্রকাশ করার জন্য অ্যাপ্রেনটিস অনুষ্ঠানের প্রযোজক মার্ক বার্নেটের ওপর চাপ বাড়ছে। জানা গেছে, ট্রাম্পের সঙ্গে আইনগত চুক্তি থাকার কারণে সে রকম কোনো টেপ থাকলেও তা প্রকাশ করা সম্ভব না।

ইতিমধ্যে প্রকাশিত সেক্স টেপে ট্রাম্পের সঙ্গে কথোপকথনরত এনবিসি টিভির অন্যতম তারকা বিলি বুশ তাঁর চাকরি খোয়াতে বসেছেন। প্রাক্তন প্রেসিডেন্ট বুশের জ্ঞাতি ভাই বিলি মাত্র কয়েক মাস আগে লস অ্যাঞ্জেলস থেকে নিউইয়র্ক এসে সংস্থার প্রভাতি অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে যোগ দেন। তিনি ট্রাম্পের অশ্লীল বক্তব্যের দোসর, এই সমালোচনার মুখে বিলিকে এনবিসি সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে।

‘ট্রাম্প গণমাধ্যমের জন্য হুমকি’: সাংবাদিকদের সুরক্ষায় কাজ করা নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট হলে ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি হতে পারেন। সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় সিপিজে বোর্ডের চেয়ারম্যান সান্দ্রা মিমস রো সংগঠনটির পক্ষ থেকে ওই বিবৃতি প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, নাগরিকদের জন্য তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা আমেরিকার গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। ২০০ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র এই নীতির সুরক্ষা দিচ্ছে সাংবাদিকদের। পাশাপাশি বিশ্বের অন্য দেশগুলোকেও উৎসাহিত করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্প তাঁর বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে ওই নীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন।

বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট প্রার্থিতার শুরু থেকে ট্রাম্প সংবাদপত্রের বিরুদ্ধে মানহানিকর ও অপমানজনক মন্তব্য করে আসছেন। পাশাপাশি তিনি গণমাধ্যমের বিরোধিতা করাকে তাঁর প্রচারণার প্রধান উপজীব্য করে তোলেন। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প নিউইয়র্ক টাইমস–এর এক প্রতিবন্ধী সাংবাদিককে নিয়ে উপহাস করেন এবং এবিসি নিউজের এক প্রতিবেদককে ‘নোংরা’ বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি প্রকাশ্যেই অন্য সাংবাদিকদের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেন।

Comments (0)
Add Comment