রণবীর থেকে দূরে দূরে

‘আমি এক যাযাবর!’ প্রেমের পৃথিবীতে রণবীর কাপুর যেন ‘হাজার বছর ধরে পথ হাঁটিতেছেন’। একটু জিরিয়ে বসতে না বসতেই আবারও যাত্রা শুরু। ভিন্ন কোনো ঠিকানার খোঁজে। আপাতত সেই ঠিকানাটি নাকি জ্যাকুলিন ফার্নান্দেজ! এমন খবর কিছু দিন আগে ছড়িয়েছিল। তবে সম্প্রতি নিজের এক সহকর্মীর জন্মদিনের পার্টিতে রণবীরকে দুই দফায় এড়িয়ে যান জ্যাকি। প্রথমত, এই পার্টিতে রণবীরকে নেমন্তন্নই করেননি। তা না–ও করতে পারেন, জন্মদিনটা তো আর তাঁর নিজের ছিল না। কিন্তু এরপর সাংবাদিকেরা যখন সুযোগমতো প্রশ্নটা ছুড়ে দিলেন তাঁর দিকে, আসলেই কি প্রেম চলছে? জ্যাকি রীতিমতো মুখে কুলুপ এঁটে দিলেন! এড়িয়ে গেলেন রণবীর-সংক্রান্ত প্রশ্নটিও। অনেক জোরাজুরিতে এল সেই ক্লিশে উত্তর—‘ও আমার স্পেশাল বন্ধু।’
আট মাস আগে প্রেমের সম্পর্ক ভেঙেছে ক্যাট আর রণবীরের। একসঙ্গে রয় ছবিতে কাজ করলেও সম্প্রতি এক ফুটবল টুর্নামেন্টে গিয়েই নাকি জ্যাকিকে নতুন করে আবিষ্কার করেন রণবীর। তখন থেকেই চলছে মুঠোফোনে বার্তা দেওয়া-নেওয়া। যেটা মন দেওয়া-নেওয়াতেও রূপ নিতে পারে বৈকি!

Comments (0)
Add Comment