শেষ বিতর্কেও ধরাশায়ী ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্কেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আগের দুটি বিতর্কের মতো এবারের আয়োজনেও তাকে ধরাশায়ী করেছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। বিতর্ক শেষে সিএনএন/ওআরসি পরিচালিত দর্শক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

জরিপের তথ্য অনুযায়ী, বিতর্ক শেষে ৫২ শতাংশ দর্শক মনে করছেন এ বিতর্কে হিলারি জয়ী হয়েছেন। অন্যদিকে ট্রাম্পের পক্ষে রয়েছেন মাত্র ৩৯ শতাংশ দর্শক। একই জরিপের তথ্য অনুযায়ী, আগের দুই বিতর্কেও জয়ী হয়েছিলেন হিলারি।

প্রসঙ্গত, স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) রাতে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) লাস ভেগাসের নেভেদা বিশ্ববিদ্যালয়ে এ বিতর্ক শুরু হয়। ৯০ মিনিটের এ বিতর্কে সঞ্চালকের ভূমিকায় ছিলেন ফক্স নিউজ চ্যানেলের উপস্থাপক ক্রিস ওয়ালেস। সিএনএনসহ অধিকাংশ মার্কিন টিভি নেটওয়ার্ক ও ইন্টারনেটে এ বিতর্ক সরাসরি সম্প্রচার করা হয়।

বিতর্কে অস্ত্র নিয়ন্ত্রণ, গর্ভপাত ও অবৈধ অভিবাসন ইস্যুতে তুমুল বাদানুবাদ হয় দুই প্রার্থীর মধ্যে। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে এসব ইস্যুতে হিলারি কি উদ্যোগ নিয়েছিলেন, বারবারই সে প্রশ্ন সামনে নিয়ে আসেন ট্রাম্প। বিপরীতে হিলারি টেনে আনেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রসঙ্গ। হিলারি অভিযোগ করেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান রুশ প্রেসিডেন্ট পুতিন। কারণ ট্রাম্প তার একজন অনুগত পুতুল মাত্র।’ জবাবে ট্রাম্প তাকে একজন ‘নোংরা মহিলা’ বলে উল্লেখ করেন।

এসময় নারী ও সমকামি সম্প্রদায়ের মানুষের অধিকারের পক্ষে নিজের অবস্থানের কথা জানান হিলারি। অন্যদিকে মার্কিন নাগরিকদের নিরাপত্তার স্বার্থে নিজেদের কাছে অস্ত্র রাখার অধিকারের পক্ষে নিজের পুরনো অঙ্গীকারের কথা পুনঃব্যক্ত করেন ট্রাম্প। এছাড়া নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে গর্ভপাতকে বৈধ করার যে রুলিং রয়েছে সেটি পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Comments (0)
Add Comment