যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কিছু পোস্ট সেন্সর করতে এবং মুছে দিতে প্রচারণা চালিয়েছিল ফেসবুকের কিছু কর্মচারী।
ফেসবুকের গাইডলাইন অনুযায়ী ‘ঘৃণাছড়ানো বক্তব্য’র পর্যায়ে পড়ায় ট্রাম্পের এসব পোস্ট মুছে দেয়ার দাবি ওঠে। খবর দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’র।
কয়েকটি সূত্র পত্রিকাটিকে জানায়, মুসলিম অভিবাসীদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর দেয়া প্রস্তাব নিয়ে ফেসবুক সম্প্রদায়ের মাঝে ক্ষোভের ঝড় ওঠে।
ট্রাম্প গত ডিসেম্বরে তার ফেসবুক পেজে ওই প্রস্তাব পোস্ট করেন। এটি না সরানোয় ফেসবুকের কড়া সমালোচনা করেন কোম্পানির মুসলিম কর্মচারীরা।
একজন প্রেসিডেন্ট প্রার্থীকে সেন্সরশিফে ফেলার সম্ভাব্য প্রতিক্রিয়ার ভয় থেকে এসব পোস্ট রেখে দেয়ার সিদ্ধান্ত নেন ফেসবুকের হেড অব গ্লোবাল পলিসি ম্যানেজম্যান্ট মনিকা বিকার্ট।
শেষ পর্যন্ত বিষয়টি ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গের টেবিলেও উত্থাপিত হয়। তবে একজন প্রেসিডেন্ট প্রার্থীর একটি পোস্ট সরিয়ে ফেলা যথাযথ কাজ হবে না বলে সিদ্ধান্ত দেন তিনি।