ডিলানের নোবেল এখন ৯ লাখ ডলারের প্রশ্ন

রীতি অনুযায়ী নোবেলজয়ী সাহিত্যিকরা পুরস্কার প্রদান অনুষ্ঠানে একটি বক্তৃতা দেন। ‘নোবেল বক্তৃতা’ নামে এই লিখিত বক্তব্যটি ইতিহাসের পাতায় স্থান করে নেয়। আর বিনিময়ে বক্তা পান প্রায় ১০ লাখ ডলার।

কিন্তু এবারের সাহিত্যে নোবেল জয়ী বব ডিলান যেভাবে নোবেল পুরস্কার এবং কমিটিকে উপেক্ষা করছেন তাতে মনে হয় না সেই অর্থ তার পাওয়া হবে!

শেষ পর্যন্ত যদি ডিলার নোবেল বক্তৃতা না দেন তাহলে এই টাকা কী হবে? অন্য কোনো বিকল্প আছে কি নোবেল কমিটির হাতে?

এই প্রশ্নের উত্তর খোঁজার আগে ডিলানের নোবেল পাওয়া নিয়ে একটু প্রাককথা বলা যাক: ১৯৬০ এর দশকে যুদ্ধবিরোধী রক সিঙ্গার বব ডিলান একাধারে গীতিকার, গায়ক, কম্পোজার ও আমেরিকার সাংস্কৃতিক আইকন। যদিও পরবর্তীতে তার যুদ্ধবিরোধী অবস্থান আর পক্ষপাতহীন থাকেনি। ষাটের দশক পরবর্তী জীবনের বব ডিলান সঙ্গীত কিংবা সাহিত্যে তেমন অবদান রেখেছেন বলা যায় না। যদিও রকসঙ্গীত তাকে এনে দিয়েছে বিত্ত আর বৈভব।

এবার সুইডিশ একাডেমি সাহিত্যে নোবেল জয়ী হিসেবে বব ডিলানের নাম ঘোষণার পর দুই সপ্তাহ পেরিয়ে গেছে। কিন্তু তার কোনো সাড়া নেই। এমনকি নোবেল কমিটির কোনো কর্মকর্তার সাথে দেখা করার অনুরোধও রাখেননি তিনি।

এ নিয়ে দু’দিন আগে তীব্র ক্ষোভ জানিয়েছেন নোবেল কমিটির সদস্য ও লেখক পার ওয়াস্টবার্গ। তিনি ডিলানের এ আচরণকে ‘অশিষ্ট ও ঔদ্ধত্য’ বলে বর্ণনা করেছেন।

তবে যাই হোক, নোবেল ফাউন্ডেশনের রীতি অনুযায়ী সাহিত্যে নোবেল বিজয়ীকে অবশ্যই একটি লেকচার দিতে হবে। অথবা ডিলানের ক্ষেত্রে সেটা হতে পারে একটি কনসার্ট। পুরস্কারের ৯ লাখ ডলার পেতে হলে তাকে ছয় মাসের মধ্যে এই কনসার্ট করতে হবে।

নোবেল ফাউন্ডেশন কিন্তু এখনো পর্যন্ত ডিলানের পক্ষ থেকে পুরস্কার প্রত্যাখ্যানের কোনো বিবৃতি পায়নি। তাছাড়া তিনি যাই বলুন না কেন, নোবেল বিজয়ীদের তালিকায় ডিলানের নাম থাকবেই। কিন্তু পুরস্কারের টাকার বিষয়টা আলাদা।

নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেলের ইচ্ছা অনুযায়ী তার মৃত্যু দিবসে (১০ ডিসেম্বর) বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেয়া হয়। আর নিয়ম অনুযায়ী, সাহিত্যে নোবেল বিজয়ীকে ওই দিন অথবা তার ছয় মাসের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে লেকচার দিতে হয়।

এ ব্যাপারে নোবেল ফাউন্ডেশনের মুখপাত্র জোনা পিটারসন বলেন, বিনিময়ে আমরা এইটুকুই চাই। এর পরিবর্তে ডিলান একটা কনসার্টও করতে পারেন উল্লেখ করে তিনি বলেন, আমরা তার সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনো একটি ব্যবস্থা করার চেষ্টা করছি।

তবে নোবেল বক্তৃতা যে স্টকহোমে গিয়েই দিতে হবে এমন নয়। যেমন: ২০০৭ সালে সাহিত্যে নোবেল জয়ী ডোরিস লেসিং অসুস্থ থাকার কারণে সুইডেনে তার প্রকাশকের কাছে তিনি একটি লিখিত বক্তৃতা পাঠিয়েছিলেন। সেটিই পড়িয়ে শোনানো হয়।

তবে যাই হোক, আমেরিকান গানের ঐতিহ্যের মধ্যে থেকেই সাহিত্যে নতুন ধরনের কাব্যিক অভিব্যক্তির জন্ম দিয়েছেন- এই যুক্তিতে এবার ডিলানকে সাহিত্যে নোবেল দিয়েছে সুইডিশ একাডেমি।

কিন্তু একজন গায়ক ও গীতিকার হিসেবে তিনি সাহিত্যে নোবেল পেতে পারেন কি না এ নিয়ে চলছে বিতর্ক।

প্রসঙ্গত, এ যাবত ছয় জন নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। এর মধ্যে অন্যতম হলেন: অস্তিত্ববাদী ফরাসি দার্শনিক জাঁ পল সার্ত্রে। ১৯৬৪ সালে সাহিত্যে নোবেল জয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এর কয়েক বছর পর সার্ত্রের আর্থিক অবস্থা যখন খুবই খারাপ তখন তার আইনজীবী পুরস্কারের টাকা চেয়ে চিঠি পাঠিছিলেন কিন্তু সুইডিশ একাডেমি তা প্রত্যাখ্যান করে।

Comments (0)
Add Comment