উল্লেখ্য, রাষ্ট্রদূতের ব্যক্তিগত উদ্যোগের ফলে গত ১৮ এপ্রিল কুয়েতে রেডিওর এএম ৯৩.৩ এবং এফএম ৯৬৩ মিটার ব্যান্ডে বাংলা অনুষ্ঠানের সম্প্রচার হয় সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত। কুয়েত রেডিওতে প্রথমবারের মতো বাংলায় অনুষ্ঠান প্রচারের এই সূচনা দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপন করেন কে এম আলী রেজা, সাদিকা ইয়াসমিন রচনা এবং আতাউল গনি মামুন। এ অনুষ্ঠানটি ওই একই দিনে কুয়েতের আব্বাসিয়া টুরিস্টিক পার্কে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী বৈশাখী মেলায় সরাসরি সম্প্রচার করা হয়। উক্ত বৈশাখী মেলায় উপস্থিত প্রায় পঁচিশ হাজার বাংলাদেশি উদ্বোধনী রেডিও অনুষ্ঠানটি উপভোগ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ধারণকৃত বক্তৃতায় রাষ্ট্রদূত কুয়েত রেডিওতে বাংলা অনুষ্ঠান প্রচারের প্রেক্ষাপট এবং এর কার্যকারিতার বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া তিনি তার বক্তৃতায় কুয়েত প্রবাসী বাংলাদেশ কমিউনিটির জন্য বেশ কিছু দিক নির্দেশনা প্রদান করেন। কুয়েত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বাংলাদেশ অনুষ্ঠান প্রচারের বিষয়টি ব্যাপক সাড়া জাগিয়েছে। অনুষ্ঠানটি সফলভাবে প্রচারের জন্য দূতাবাস কমিউনিটি সদস্যদের সক্রিয় সহযোগিতা আশা করেছেন।
মঈন উদ্দিন সরকার, কুয়েত