আগামী এক বছরের মধ্যে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারের বহরে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক আরও চারটি বিমান। সেই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে চালু করা হবে নতুন ছয়টি যাত্রাপথ (রুট)। এ জন্য বিনিয়োগ করা হবে প্রায় ৮০০ কোটি টাকা। গতকাল শনিবার সংস্থাটির ছয় বছর পূর্তি অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে রিজেন্ট এয়ারের অর্ধযুগ পূর্তির এ অনুষ্ঠান আয়োজন করা হয়। ২০১০ সালের ১০ নভেম্বর যাত্রা শুরু হয় চট্টগ্রামভিত্তিক হাবিব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রিজেন্ট এয়ারের। ষষ্ঠ বর্ষপূর্তির অনুষ্ঠানে সংস্থাটির চেয়ারম্যান ইয়াসিন আলী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লে. জেনারেল (অব.) এম ফজলে আকবর সংস্থাটির অতীত কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব, পরিচালক তানজিনা আলী, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) আকতার ইউ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, গত ছয় বছরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পথে রিজেন্ট এয়ার প্রায় ২০ লাখ যাত্রী পরিবহন করেছে। এর মধ্যে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১০ মাসে পরিবহন করা হয়েছে ৫ লাখের বেশি যাত্রী। আগামী এক বছরের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে নতুন যে ছয়টি পথে বিমান চলাচল শুরুর ঘোষণা দেওয়া হয়েছে, সেগুলো হলো নেপালের কাঠমান্ডু, কাতারের দোহা, চীনের গুয়াংজু, ইন্দোনেশিয়ার জাকার্তা, শ্রীলঙ্কার কলম্বো ও মালদ্বীপের মালে।
এ ছাড়া যে চারটি বিমান যুক্ত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, সবগুলো বোয়িং। এর মধ্যে একটি ২৬৫ জনের ধারণক্ষমতার ৭৭৭-২০০ বোয়িং, ১৮৩ জনের ধারণক্ষমতার ৭৩৭-৮০০ এবং বাকি দুটি বোয়িং ৭৩৭-৮০০ হবে ১৬৫ জন করে ধারণক্ষমতার। বর্তমানে রিজেন্টের বহরে তিনটি বোয়িং ও দুটি ড্যাশ বিমান রয়েছে। অভ্যন্তরীণ ছাড়াও আন্তর্জাতিক পথে সিঙ্গাপুর, মাসকাট, কুয়ালালামপুর, ব্যাংকক ও কলকাতায় বিমান পরিচালনা করছে সংস্থাটি।