ফল পুনর্বিবেচনার আবেদন করতে তহবিল সংগ্রহে জিল স্টেইন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট পদে গ্রিন পার্টির মনোনীত প্রার্থী জিল স্টেইন তিনটি রাজ্যে পুনরায় ভোট গণনার জন্য আবেদন করতে তহবিল সংগ্রহ করছেন। এ রাজ্য তিনটি হলো মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিন। গত বুধবার স্টেইনের প্রচার শিবির এ খবর জানিয়েছে। এরই মধ্যে তহবিলে প্রায় ২৫ লাখ ডলার জমা পড়েছে। জিল স্টেইন বলেছেন, ‘ভোট কার্যক্রমে অনিয়মের সুস্পষ্ট প্রমাণের’ পরিপ্রেক্ষিতে তিনি পুনরায় ভোট গণনার জন্য তহবিল সংগ্রহ করছেন। তিনি বলেন, রাজ্য কর্তৃপক্ষের প্রকাশ করা উপাত্ত বিশ্লেষণে মোট ভোট গণনার ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ অনিয়ম’ পাওয়া গেছে।

এক বিবৃতিতে স্টেইন বলেছেন, ‘২০১৬ সালের নির্বাচন আনুষ্ঠানিকভাবে গৃহীত হওয়ার আগেই এসব বিষয় নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। বিশ্বাসযোগ্য নির্বাচনই আমাদের প্রাপ্য।’

অনলাইনে একটি ইন্টারনেট পেজের মাধ্যমে এ তহবিল সংগ্রহ করা হচ্ছে। তিন রাজ্যে নির্বাচনের ফলাফল পুনর্বিবেচনার আবেদন করতে ৬০ থেকে ৭০ লাখ ডলার প্রয়োজন। এরই মধ্যে উইসকনসিনের জন্য প্রয়োজনীয় ২০ লাখ ডলার সংগ্রহ করা হয়েছে।

Comments (0)
Add Comment