২০০৫ সালের ২৮ ডিসেম্বর কিরণ রাওকে বিয়ে করেছিলেন আমির খান। এ বছর সেই বিশেষ দিনটা বিশেষ ভাবে স্ত্রীকে উপহার দিতে চান তিনি। আমির ৪ দিনের জন্য একটি বিশেষ পরিকল্পনা করেছেন। তার বাড়ি পঞ্চগনি অর্থাৎ, যেখানে তিনি কিরণকে বিয়ে করেছিলেন, সেখানেই বিবাহবার্ষিকী উদযাপন করতে চান। স্ত্রী ও ছেলে আজাদের সঙ্গে সেখানেই সময় কাটাতে চান তিনি। এই উপলক্ষে চারদিন ধরে উৎসবের পরিকল্পনা করেছেন ‘থ্রি ইডিয়টস’ তারকা। বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের নিয়ে উৎসব মুখর সময় কাটাবেন এই যুগল।
আমিরের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, অতিথিদের মধ্যে রয়েছেন আমিরের আত্মীয়, পরিচালক মনসুর খান, আমিরের আগের পক্ষের দুই ছেলেমেয়ে জুনায়েদ ও ইরা, তার ঘনিষ্ঠ বন্ধু রাজকুমার হিরানি, প্রসূন জোশী, কর্ণ জোহর ও অয়ন মুখার্জী। রইবে আমিরের আসন্ন ছবি ‘দঙ্গল’-এর টিম।
উল্লেখ্য, আগামী ২১ ডিসেম্বর বড়দিনকে সামনে রেখে মুক্তি পাচ্ছে আমিরের ‘দঙ্গল’ ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। মহাবীর পোগাতের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি।