প্রমাণ করুন, নয় চুপ থাকুন: যুক্তরাষ্ট্রকে রাশিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার তথ্য হ্যাকিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জড়িত ছিলেন বলে যুক্তরাষ্ট্রের তোলা অভিযোগ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া।

এ অভিযোগের জবাবে পুতিনের এক মুখপাত্র শুক্রবার বলেছেন, ‘হয় যুক্তরাষ্ট্রকে অনধিকারচর্চার এ অভিযোগ প্রমাণ করতে হবে, অথবা তাদের চুপ থাকতে হবে।’

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাস’কে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এটা যুক্তরাষ্ট্রের জন্য অশোভন। তারা অকারণে নির্বাচনের তথ্য হ্যাকিংয়ে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছে।’

‘তাদের উচিত এ নিয়ে কথা বলা বন্ধ করা অথবা অভিযোগের স্বপক্ষে কিছু প্রমাণ হাজির করা’-অভিযোগের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন পেসকভ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বরাত দিয়ে অভিযোগ ওঠে, পুতিন ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণার তথ্য হ্যাকিংয়ে জড়িত ছিলেন। এজন্য তিনি হিলারি ক্লিনটনের বিপক্ষে অবস্থান নেন।

গত সপ্তাহের শেষে ওয়াশিংটন পোস্ট জানায়, সিআইএর ধারণা রাশিয়া নির্বাচনের ফলাফল ডোনাল্ড ট্রাম্পের অনুকূলে আনতে মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানের ই-মেইল হ্যাক করেছিল।

গত ৮ নভেম্বর ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনে হিলারিকে হারিয়ে আলোড়ন সৃষ্টি করেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। এর আগে সব রকম জনমত জরিপে হিলারিই প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন বলে দেখানো হয়েছিল।

Comments (0)
Add Comment