ওভাল অফিসের কর্তৃত্বভার গ্রহণের পর থেকে ১০টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল ভিসা ও শরণার্থী ইস্যুতে তার আরো বেশকিছু আদেশে সই করার কথা ছিল।
নির্বাহী আদেশে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে যেসব দেশ থেকে অভিবাসী আগমন নিষিদ্ধ করতে পারেন, সেগুলো হলো— ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, সুদান ও সোমালিয়া। জানা গেছে, নির্যাতনের হাত থেকে রেহাই পেতে পালানো ধর্মীয় সংখ্যালঘু ছাড়া যুক্তরাষ্ট্রে অন্যান্য ধরনের শরণার্থী প্রবেশের ওপর কয়েক মাসের নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন ট্রাম্প।
এদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, আরো কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, যার মধ্যে কয়েকটি বেশ বিতর্কিত। এর মধ্যে একসময়ের ‘ব্ল্যাক সাইট’ হিসেবে পরিচিত গোপন একটি ডিটেনশন প্রোগ্রাম আবার শুরুর পাশাপাশি গুয়ানতানামো বে কারাগার চালু রাখার সিদ্ধান্তও রয়েছে। এছাড়া মিসরের মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প।
নির্বাহী আদেশবলে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে ওবামা প্রশাসনের বেশকিছু সিদ্ধান্ত বাতিল করেছেন ট্রাম্প। মঙ্গলবার ডাকোটা অ্যাকসেস ও কিস্টোন এক্সএল অয়েল পাইপলাইন নির্মাণের জন্য নির্বাহী আদেশে সই করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের আদিবাসী ও পরিবেশবাদীদের ক্ষেপিয়ে তোলেন ট্রাম্প। সোমবারের আরেকটি নির্বাহী আদেশের মাধ্যমে ‘গ্লোবাল গ্যাগ রুল’ নামে বাতিল হওয়া একটি আইন আবার চালু করেন ট্রাম্প। এর মাধ্যমে গর্ভপাত ও এর সপক্ষে প্রচারণামূলক কার্যক্রম চালানোর জন্য যেকোনো উত্স থেকে তহবিলের জোগান ও সংগ্রহ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
এদিকে অভিবাসীদের ভিসা প্রদানের বিষয়ে কড়া প্রশাসনিক নীতিমালাকে ‘বিচক্ষণ’ বলে মন্তব্য করেছেন ট্রাম্পের রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের ট্রানজিশন টিমের প্রধান জেমস ক্যারাফানো। তিনি বলেন, আইনি প্রক্রিয়া পালন করে এক দেশ থেকে অন্য দেশে অভিবাসন নিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার নমুনা আমরা এরই মধ্যে দেখতে পেয়েছি। পশ্চিম ইউরোপেও আমরা এ ধরনের বেশকিছু ঘটনার নজির দেখতে পেয়েছি। সুতরাং সন্ত্রাসীদের ভ্রমণ ঠেকানোর পাশাপাশি শরণার্থী ও ভিসা আবেদনকারীদের ভালোমতো যাচাই করে দেখার উদ্যোগকে কোনোভাবেই নির্বুদ্ধিতা বলার উপায় নেই। পাশাপাশি দেশের ভেতর থেকে চালানো সন্ত্রাসী হামলা ঠেকানোর প্রয়াসকেও আমার কাছে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য যুক্তিসংগত ও দায়িত্বশীল বলে মনে হয়। বিষয়টিকে কোনো নির্দিষ্ট জাতি বা ধর্মের মানুষের বিরুদ্ধে নেয়া কোনো পদক্ষেপ বলে মনে হয় না।
উল্লিখিত সাতটি দেশ থেকে শরণার্থী আগমনে নিষেধাজ্ঞা ঘোষণার পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগকেও এসব দেশের নাগরিকদের জন্য কোনো ধরনের ভিসা ইস্যু করা বন্ধের বিষয়েও আদেশ দিতে পারেন ট্রাম্প। সংশ্লিষ্ট সূত্র জানায়, এছাড়া কাস্টমস ও সীমান্ত নিরাপত্তা বিভাগকেও এরই মধ্যে ভিসাধারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধের নির্দেশ দিতে পারেন তিনি। এছাড়া বর্তমানে ধর্মীয় নিবন্ধনের চিন্তাভাবনাও করছেন ট্রাম্প। তবে তিনি এ ধরনের কোনো সিদ্ধান্ত নিলে নিঃসন্দেহে এর বিপক্ষে আইনি পদক্ষেপের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র মনে করছে।
শরণার্থী প্রবেশে কড়াকড়ি আরোপের পাশাপাশি গতকাল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগে (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি) পরিদর্শনকালে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বিষয়ে আরেকটি নির্বাহী আদেশে সইয়ের কথা ছিল ট্রাম্পের।
আদেশটি মূলত মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য তহবিল বরাদ্দের বিষয়ে জারি করা হচ্ছে বলে ট্রাম্প প্রশাসনের দুই সংশ্লিষ্ট কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন।
মঙ্গলবার রাতে এক টুইটবার্তার মাধ্যমে ট্রাম্প নিজেও বিষয়টি নিশ্চিত করেন। ওই টুইটবার্তায় ট্রাম্প লেখেন, ‘জাতীয় নিরাপত্তার জন্য বেশ বড় একটি দিন আগামীকাল। অন্যান্য অনেক বিষয় ছাড়াও সে দেয়ালটি তুলতে যাচ্ছি আমরা।’
প্রাথমিকভাবে দেয়াল নির্মাণের খরচ যুক্তরাষ্ট্র সরকারের তহবিল থেকেই জোগান দেয়া হবে বলে জানিয়েছেন ক্যারাফানো।