মামলার বাদী হয়েছে দই প্রস্তুতকারী চোবানি, স্ন্যাক প্রস্তুতকারী কাইন্ড এবং ফ্যাশন ব্র্যান্ড লেভি স্ট্রসও। যাদের সত্ত্বাধিকারীদের সবাই অভিবাসী।
স্থানীয় সময় রোববার রাতে আদালতে এসব মামলা করা হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিষ্ঠানগুলোর যৌথভাবে করা ওই মামলায় বলা হয়, অভিবাসী নিয়ে ট্রাম্পের নির্বাহী আদেশ ‘অভিবাসন আইন ও সংবিধান’ লঙ্ঘন করেছে।
আদালতের নথিতে বলা হয়, এই নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ নীতিতে আকস্মিক পরিবর্তন আনা হয়েছে, যা মার্কিন কম্পানিগুলোর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সান ফ্রান্সিসকোর নাইন্থ সার্কিট কোর্ট অব আপিলসে এই মামলা দায়ের করা হয়।
গত রোববার এ আদালতই ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত করার বিষয়ে একটি ফেডারেল আদালতের রায় প্রত্যাহারের আবেদন খারিজ করে দেন। আপিল আদালত মামলার দুই পক্ষের বিস্তারিত যুক্তি শুনানি পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিত রাখার আদেশ দেন।
এদিকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মামলার শুনানির জন্য একজন অ্যামিকাস কিউরি নিয়োগ দিতে আদালতের প্রতি আবেদন জানানো হয়েছে।
দায়িত্ব নেওয়ার পর ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশে সাতটি মুসলিম দেশের নাগরিকদের ৯০ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। একই সঙ্গে সব শরণার্থীর ওপর নিষেধাজ্ঞা বসেছে ১২০ দিনের জন্য। সিরিয়ার শরণার্থীদের বিষয়ে সময় বলা হয়েছে অনির্দিষ্টকাল।
এরপর দেশটির বিভিন্ন বিমানবন্দর ও ট্রানজিট পয়েন্টে হাজারও যুক্তরাষ্ট্রগামী যাত্রীদের আটকে রাখা হয়। অনেককে ফিরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিক্ষোভ করেন অভিবাসীরা। পরে দু’টি মানবাধিকার সংগঠন এই আদেশের বিরুদ্ধে আদালতে যান। আদালত শুনানি শেষে ট্রাম্পের ওই আদেশ স্থগিত করে দেন সাময়িকভাবে।
এরপর সিয়াটলের একটি আদালতও দেশব্যাপী ট্রাম্পের অভিবাসী সংক্রান্ত নির্বাহী আদেশ স্থগিত করে দেন। পরে এর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের করা আপিল আবেদনও খারিজ দেওয়া হয়। এর পর নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দেওয়া বিচারক জেমস রবার্টকে ‘হাস্যকর’ ও ‘তথাকথিত বিচারক’ বলে অভিহিত করেন ধনকুবের থেকে প্রেসিডেন্ট বনে যাওয়া ডোনাল্ড ট্রাম্প।