ফের কাছাকাছি রণবীর-ক্যাটরিনা

একটি বছর সম্পন্ন হলো তাদের বিচ্ছেদের। তবে পেশাদারিত্বের খাতিরে এখনও সংস্পর্শে রয়েছেন বলিউডের বিচ্ছিন্ন জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। তাদের বিচ্ছেদ যেন পেশাগত জীবনে প্রভাব না ফেলে, সেই চেষ্টাই করছেন রণবীর-ক্যাটরিনা। তবে সম্পর্কে তারা ফিরছেন না। ‘জাগ্গা জাসুস’ এর প্রোমোশনে তাদের একসঙ্গে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

গত বছরের শেষের দিকে শোনা গিয়েছিল রণবীর আর ক্যাটরিনা নাকি একসঙ্গে প্রচার করবেন না। ‘জাগ্গা জাসুস’ ছবির ডিস্ট্রিবিউটর ডিজনি ইউটিভি রণবীর ও ক্যাটরিনা দু’জনকেই বলেছিলেন ছবির প্রচারণার কথা। দু’জনকে একসঙ্গে প্রোমোশনে যোগ দেওয়ার আবেদন এসেছিল। তারা চেয়েছিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের মতোই প্রচার করবেন রণবীর-ক্যাট। কিন্তু প্রোডাকশন হাউজের ইচ্ছা পূরণে বাধা দেন তারা।

তবে শোনা যাচ্ছে, এবার তারা দু’জনেই রাজি হয়েছেন। সূত্রের খবর, ব্যক্তিগত আর পেশাগত জীবনকে আর একসঙ্গে মেশাতে চান না তারা। তাই একসঙ্গে ছবির প্রচার করার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক প্রেমিক জুটি। অনুরাগ বসুর পরিচালনায় এ বছর ৭ এপ্রিল মুক্তি পাবে ‘জাগ্গা জাসুস’।

Comments (0)
Add Comment