ট্রাম্প পরিবার থেকে দূরে সরল আরো দুই রিটেইলার

হোয়াইট হাউজে অবস্থানকে কাজে লাগিয়ে ব্যবসা করতে না পেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবার ক্ষুব্ধ হয়ে উঠছে। একের পর এক ব্যবসা প্রতিষ্ঠানও ট্রাম্প পরিবার থেকে দূরে সরছে। নর্দস্ট্রমের পক্ষ থেকে ইভাঙ্কা ট্রাম্পের পণ্য বিক্রি বন্ধের ঘোষণার পর আরো দুই রিটেইলার সিয়ার্স ও কেমার্ট ট্রাম্প ব্র্যান্ডের ৩১টি পণ্য বিক্রি বন্ধ করছে। খবর রয়টার্স ও ডব্লিউ ম্যাগাজিন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত নীতি ও তার পারিবারিক ব্যবসায়কে ঘিরে রাজনৈতিক চেহারা নিয়েছে নিউইয়র্ক ফ্যাশন উইক। ইতালির ব্র্যান্ড মসকিনোর ক্রিয়েটিভ ডিরেক্টর জেরেমি স্কট পুরো একটি পোশাক লাইন ট্রাম্প বিরোধিতার জন্য উত্সর্গ করেছেন। ‘টু-কুল-ফর-স্কুল’ শিরোনামের এ পোশাক সেটে তিনি ধার্মিকতা ও অভিবাসনসহ বিভিন্ন ইস্যুতে ট্রাম্পবিরোধী রাজনৈতিক বক্তব্য তুলে ধরেছেন। এনপিআর ম্যাগাজিনকে দেয়া সাক্ষাত্কারে জেরেমি স্কট বলেছেন, ‘আমি সব উপায়ে ডোনাল্ড ট্রাম্পকে তার প্রাপ্য সম্মান দেব। তিনি আমাদের ঘুম থেকে জাগিয়েছেন, নিজের বিরোধিতায় সবাইকে ঐক্যবদ্ধ করেছেন।’
ফ্যাশন শিল্প ট্রাম্প পরিবারকে কখনো উষ্ণ অভ্যর্থনা জানায়নি। নেইমান মার্কাস, নর্দস্ট্রম ও বেল্ক— এ তিন ডিপার্টমেন্ট স্টোর ট্রাম্পকন্যা ইভাঙ্কার ব্র্যান্ডের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছে। তবে এরই মধ্যে স্রোতের বিপরীতে ব্যবসায়িক চাল দিয়েছে চীনা ব্র্যান্ড তাওরে ওয়াং। মার্কিন বাজারে প্রবেশে উন্মুুখ এ ব্র্যান্ড ট্রাম্পকন্যা টিফানিকে নিজেদের পণ্যদূত নিয়োগ করেছে। সাংহাইয়ের ডিজাইনার ওয়াং তাও এ ব্র্যান্ডের মালিক। ডোনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফানি নিউইয়র্কে ওয়াং তাওয়ের পোশাক প্রদর্শনীতে সম্মানিত অতিথি হয়েছেন। ট্রাম্পের সাবেক স্ত্রী মারলা ম্যাপলসও সেখানে ছিলেন।
মার্কিন ডিজাইনারদের সংগঠন সিএফডিএ নিউইয়র্ক ফ্যাশন শোর আয়োজক। গর্ভপাতের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের কট্টর অবস্থানের কথা মাথায় রেখে সিএফডিএ এবারের ফ্যাশন উইকের পার্টনার হিসেবে প্ল্যান্ড প্যারেন্টহুডকে বেছে নিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরিবারের ব্র্যান্ডগুলোর সঙ্গে রিটেইলারদের এমন আচরণ ভালো চোখে দেখেননি। ইভাঙ্কা ট্রাম্প ব্র্যান্ডের পোশাক ও জুতা বিক্রি বন্ধের ঘোষণা দেয়ার পর ডোনাল্ড ট্রাম্প নর্দস্ট্রমের বিরুদ্ধে তার কন্যার সঙ্গে অন্যায় আচরণের অভিযোগ তুলেছেন। সিয়াটলভিত্তিক কোম্পানি নর্দস্ট্রম বলেছে, বিক্রি কমে যাওয়ায় ইভাঙ্কা ট্রাম্প ব্র্যান্ডকে নতুন ক্রয়াদেশ দেয়া হয়নি। নর্দস্ট্রমের নথিপত্র ঘেঁটে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইভাঙ্কা ট্রাম্প সু ও ক্লদিং লাইনের বিক্রি গত অর্থবছরে এক-তৃতীয়াংশ কমেছে।
ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের আগে ইভাঙ্কা ট্রাম্প তার ব্যবসার সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছেন। সে হিসেবে নর্দস্ট্রম ট্রাম্পকন্যা নয়, বরং তার ছেড়ে আসা ব্র্যান্ডের সঙ্গে সম্পর্কচ্ছেদ করছে। তার পরও ট্রাম্প বিষয়টিতে উষ্মা প্রকাশ করায় এটা স্পষ্ট যে, ট্রাম্প পরিবার নিজেদের অবস্থানকে কাজে লাগিয়ে ব্যবসা ও মুনাফার লোভ ছাড়তে পারছে না। নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর সিবিএস টিভিতে ইভাঙ্কা যেভাবে নিজের ব্র্যান্ডের অলঙ্কার প্রদর্শন ও বিক্রির চেষ্টা করেছেন, তাতে বিষয়টি আরো স্পষ্ট বোঝা যায়।
ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প লন্ডনের ডেইলি মেইলের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন। আপত্তিকর সংবাদ প্রকাশের কারণে এ মামলা করা হয়েছে। মেলানিয়া ট্রাম্পের আইনজীবী মামলার যে এজাহার লিখেছেন, তাতে ট্রাম্প পরিবারের ব্যবসায়িক বিবেচনা প্রাধান্য পেয়েছে।
এজাহারে বলা হয়, ‘ভীষণ বিখ্যাত ও পরিচিত মানুষ, সাবেক পেশাদার মডেল ও ব্র্যান্ড মুখপাত্র, সফল ব্যবসায়ী’ হিসেবে মামলার বাদী ‘জীবনে একবারের মতো অনন্য সুযোগ পেয়েছেন’, যাতে ‘কয়েক বছর ধরে পৃথিবীতে সবচেয়ে বেশিবার ক্যামেরায় ধারণকৃত নারী হিসেবে তিনি মাল্টিমিলিয়ন ডলার ব্যবসা করতে পারতেন।’ ‘পোশাক, অ্যাকসেসরিজ, জুতা, গহনা, কসমেটিকস, কেশচর্চা, ত্বকচর্চা ও সুগন্ধি’ ব্যবসা থেকে মেলানিয়া এ মুনাফা করতে পারতেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
এদিকে দুই রিটেইলার সিয়ার্স হোল্ডিংস ও কেমার্ট করপোরেশন ট্রাম্প হোম ব্র্যান্ডের ৩১টি পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সিয়ার্স ও সহযোগী কেমার্ট শনিবার এ-সংক্রান্ত ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, অনলাইন ব্যবসায় সবচেয়ে লাভজনক পণ্যগুলোতে জোরারোপের কৌশলের অংশ হিসেবে ট্রাম্প হোম ব্র্যান্ডের পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ক্লদিং জায়ান্ট আন্ডার আরমারের সিইও কেভিন প্ল্যাঙ্ক ডোনাল্ড ট্রাম্পকে ‘দেশের জন্য সম্পদ’ বলে অভিহিত করে তোপের মুখে পড়েছেন। আন্ডার আরমার কর্মীদের পাশাপাশি কোম্পানির কয়েকজন পণ্যদূতও এ মন্তব্যের জন্য কেভিন প্ল্যাঙ্কের সমালোচনা করেছেন। কোনো কোনো পর্যবেক্ষকের মতে, ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের জেরে সুপরিকল্পিত ব্যবসায়িক সিদ্ধান্ত হিসেবে কোম্পানিগুলো তার পরিবারের ব্র্যান্ডের পণ্য বিক্রি বন্ধ করছে।
ম্যাকমিলান ডুলিটলের রিটেইল কনসালট্যান্ট নীল স্টার্ন বলেছেন, নর্দস্ট্রম হয়তো নিরাপদ জেনেই ইভাঙ্কার ব্র্যান্ড বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। কেননা নর্দস্ট্রমের স্টোরগুলো বড় শহর ও বনেদি শহরতলিতে অবস্থিত। এ জায়গাগুলোয় সাধারণত ডেমোক্র্যাট সমর্থন বেশি থাকে। কাজেই ইভাঙ্কা ট্রাম্পের পণ্য বিক্রি করায় রাজনৈতিক তোপে পড়তে হলেও নর্দস্ট্রম সে আঘাত সামলে উঠতে পারবে।
সিয়ার্সের সিদ্ধান্ত সম্পর্কে নীল স্টার্ন বলেন, রিটেইলার চেইনটির আর্থিক অবস্থা এমনিতে ভালো নয়। গত মাসে তারা ১৫০ স্টোর বন্ধের ঘোষণা দিয়েছে। এবার ট্রাম্প হোম ব্র্যান্ডের পণ্য বিক্রি বন্ধ করছে। আর্থিক অবস্থা থেকে দৃষ্টি সরাতে সিয়ার্সের জন্য সব সংবাদই ভালো।

Comments (0)
Add Comment