বিমানের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, রবিবার রাত ৭.১৫ মিনিটে বিজি-০২৭ ফ্লাইটি শাহজালাল বিমানবন্দর থেকে আবুধাবী যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। পাইলট টেক অফ করার পর বুঝতে পারেন জাহাজটির লেজের সঙ্গে রানওয়ের মাটির ঘর্ষণ লেগেছে। এরপর পাইলট বিমানবন্দরের টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটটি ফের অবতরণের ক্লিয়ারেন্স চান। এবং রাত ৯টা ৩৫ মিনিটে আবারও শাহজালালে অবতরণ করেন। এরপর ওই ফ্লাইটের যাত্রীদের অপর একটি ফ্লাইটে আবুধাবী পাঠানো হয়।
এদিকে অভিযোগ আছে টাওয়ারের ক্লিয়ারেন্স পাওয়ার পরও পাইলট ঝুঁকিপূর্ণভাবে আরও আড়াই ঘণ্টা ফ্লাইট চালানোর ঘটনা বড় ধরনের ঝুঁকিপূর্ণ ছিল। এভিয়েশন বিশেষজ্ঞরা জানান, এই ঘটনায় পাইলট ও ফাস্ট অফিসারের অজ্ঞতা প্রমাণিত হয়েছে। তাদের মতে এ ধরনের ঘটনায় আকাশে চলন্ত অবস্থায় এয়ারক্রাফটের মাঝ বরাবর ভেঙ্গে পড়ার আশঙ্কা ছিল। এতে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারত যাত্রী ও বিমানের ক্রুরা। নিয়মানুয়ায়ী এক্ষেত্রে পাইলটের উচিত ছিল দ্রত বিমানবন্দরের আশপাশে কোথাও অতিরিক্ত জ্বালানি তেল ফেলে দিয়ে জরুরী অবতরণ করা। আড়াই ঘণ্টা ফুয়েল বার্ন করে তারপর অবতরণ করা তাদের কোনভাবেই ঠিক হয়নি।
বিমানের নতুন কেনা এই বোয়িং ৭৩৭ উড়োজাহাজে ফিউল ডাম্পিং সিস্টেম ছিল। পাইলট ইচ্ছে করলে মুহূর্তেই সব তেল ডাম্পিং করতে পারত। কিন্তু এ ক্ষেত্রে পাইলট তা অনুসরণ না করে আড়াই ঘণ্টাব্যাপী ডাম্পিং করার দরুন একদিকে যাত্রীদের জানমাল যেমন চরম ঝুঁকিতে ঠেলে দিয়েছেন, তেমনি সিডিউলেরও ক্ষতি করেছেন। পাইলটের অদক্ষতার দরুন চার ঘণ্টা বিলম্বে আরেকটি উড়োজাহাজ দিয়ে সেই ফ্লাইটের যাত্রীদের রাত পৌনে দশটায় দুবাই পাঠানো হয়।
এ ঘটনায় বিমানের পরিচালক ফ্লাইট অপারেশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি সংশ্লিষ্ট পাইলট ও কো পাইলটের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেননি। নিয়মানুযায়ী এ ধরনের দুর্ঘটনার শিকার পাইলট ও কো পাইলটকে তাৎক্ষণিক গ্রাউন্ডেট করে তাদের রক্ত পরীক্ষা ও মানসিক পরীক্ষা-নিরীক্ষা করানোর। অথচ কিছুদিন আগেই শুধু রুট চেকের সময় ফারিয়াল নামের একজন ফার্স্ট অফিসার ক্যাপ্টেন জোয়ারদারের মনমতো আচরণ না করায় তাকে তিন তিনবার মানসিক হাসপাতালে পাঠানো হয়। সে ঘটনায় মিডিয়ায় প্রকাশের পর তোলপাড় দেখা দেয়। শেষ পর্যন্ত ফারিয়ালের রুট চেক ক্লিয়ার করা হয়। মানসিক পরীক্ষার ক্ষেত্রে বিমানে এ ধরনের বৈষম্যের ঘটনা ঘটছে প্রায়ই।
সূত্রঃ দৈনিক জনকন্ঠ