হাজার কোটি টাকার নতুন উড়োজাহাজ রক্ষণাবেক্ষণে উদাসীনতা আর অবহেলায় বিমানের শীর্ষ ম্যানেজমেন্টের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই সঙ্গে দীর্ঘদিনেও ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু করতে না পারার কারণ জানতে চেয়েও তিনি কোনো সদুত্তর পাননি।
প্রধানমন্ত্রী বিমানকে গতিশীল ও মর্যাদাসম্পন্ন এয়ারলাইন্স হিসেবে গড়ে তোলার জন্য যাত্রী সেবার মান বাড়ানোর পাশাপাশি অবিলম্বে কার্গো ফ্লাইট চালুর নির্দেশ দিয়েছেন।
গত ৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় ড্রিমলাইনার হংস বলাকা পরিদর্শনে এসে তিনি বিমানকে ভবিষ্যতে একটি সমৃদ্বশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বেশ কিছু নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সুত্রে জানাগেছে এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে নিউইয়র্ক ফ্লাইট চালু, যাত্রী সেবার মান বাড়ানো, উড়োজাহাজের সঠিক রক্ষণাবেক্ষণ এবং কার্গো শাখা চালু ও গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিসের মান উন্নোয়নের বিষয়ে ইতিমধ্যে সিভিল এভিয়েশন ও বিমানের পক্ষ থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে।
উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭১ আসনের উড়োজাহাজ হংস বলাকার ককপিটসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছানোর পর টারমার্কে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মোনাজাত করা হয়।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল, মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ফারুক খান, সচিব মহিবুল হক, চেয়ারম্যান বেবিচক এয়ার ভাইস মার্শাল নাইম হাসান, বিমান এমডি ক্যাপ্টেন মোসাদ্দিক আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী হংস বলাকা ঘুরে দেখার সময় বিমানের পরবর্তী দুটো ড্রিমলাইনার কবে আসবে তা জানতে চান।
এক পর্যায়ে তিনি ককপিটে গিয়ে কিছুক্ষণ বসেন। ফ্লাই করার ভঙ্গিতে স্টিয়ারিংয়ে হাত রাখেন। হংস বলাকা থেকে নেমে ভিভিআইপি লাউঞ্জে বসে আপ্যায়নের সময় বিমানের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে বিমানের পরিচালনা পর্যদের চেয়ারম্যানের অনুপস্থিতিতেও অসন্তোষ প্রকাশ করেন। উপস্থিত সংসদীয় কমিটির প্রধান ফারুক খান প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
আলোচনার এক পর্যায়ে বোয়িং উড়োজাহাজগুলোর মনিটর নষ্ট হওয়াসহ অন্যান্য বিষয়ে নিয়মিত রক্ষণাবেক্ষণের তাগিদ দেন।
জানতে চাইলে ফারুক খান বলেন, প্রধানমন্ত্রী নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়ে জানতে চাইলে তার জবাবে বলা হয়েছে সিভিল এভিয়েশনের ক্যাটাগরি-১ হওয়ার পর পরই নিউইয়র্ক ফ্লাইট চালু করা সম্ভব হবে।
প্রয়োজনীয় সব কাজ চলছে দ্রুত গতিতে। একই সঙ্গে বিমানের কার্গো ফ্লাইট চালু ও গ্রাউন্ড সার্ভিস বৃদ্ধির নির্দেশ দিয়েছেন তিনি। বিমানের পক্ষ থেকে এ নির্দেশ কার্যকর করার আশ্বাস দেয়া হয়।
এ ছাড়া তিনি নতুন নতুন এয়ারক্রাফটগুলোর সঠিক রক্ষণাবেক্ষণেরও নির্দেশ দেন। বিমান ও বেবিচকের পক্ষ থেকে এসব বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বস্ত করা হয়।
জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দিক আহমেদ বলেন, নিউইয়র্ক ফ্লাইটের বিষয়টি নির্ভর করছে সিভিল এভিয়েশনের ক্যাটাগরি-১ এ উন্নীত করার ওপর।
তবে বিমানের কার্গো ফ্লাইট চালুর নির্দেশনা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। উল্লেখ্য, বিমানের দ্বিতীয় এই ড্রিমলাইনারের নামও ‘হংস বলাকা’ প্রধানমন্ত্রীর দেয়া।
১০ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে হংস বলাকা। তবে বিশ্বস্থ সুত্রে জাানা গেছে ক্রুর অভাবে ইতিমধ্যে হংসবলাকার লন্ডন ফ্লাইট বন্ধ করে দিয়েছে বিমান।
উড়োজাহাজটির ইঞ্জিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক (জিই)। উড়োজাহাজটির শব্দ কমাতে ইঞ্জিনের সঙ্গে শেভরন প্রযুক্তি যুক্ত রয়েছে।
উড়োজাহাজের নিয়ন্ত্রণ হবে ইলেকট্রিক ফ্লাইট সিস্টেমের মাধ্যমে। কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হওয়ায় এই উড়োজাহাজটি ওজনে হালকা।
ভূমি থেকে উড়োজাহাজটির উচ্চতা ৫৬ ফুট। দুটি পাখার আয়তন ১৯৭ ফুট। মোট ওজন ১ লাখ ১৭ হাজার ৬১৭ কিলোগ্রাম, যা ২৯টি হাতির সমান! এর ককপিট থেকে টেল (লেজ) পর্যন্ত ২৩ লাখ যন্ত্রাংশ রয়েছে।
টানা ১৬ ঘণ্টা উড়তে সক্ষম উড়োজাহাজটি চালাতে অন্যান্য বিমানের তুলনায় শতকরা ২০ ভাগ কম জ্বালানি খরচ হবে।
ঘণ্টায় ৬৫০ কিলোমিটার বেগে উড়ছে। এর আসন রয়েছে ২৭১টি। এর মধ্যে বিজনেস ক্লাস ২৪টি আর ২৪৭টি ইকোনমি ক্লাস।
বিজনেস ক্লাসের আসনগুলো বানিয়েছে অ্যাসটেলা। আর ইকোনমি ক্লাসের আসনগুলো হেইকোর বানানো। বিজনেস ক্লাসের আসনগুলো ৬৫ ইঞ্চি পিচ, ইকোনমি ক্লাসের আসন৩১ ইঞ্চি পিচ।
বিজনেস ক্লাসে ২৪টি আসন ১৮০ডিগ্রি পর্যন্ত সম্পূর্ণ ফ্ল্যাটবেড হওয়ায় যাত্রীরা আরমদায়কভাবে বিশ্রাম নিতে পারবেন।
দু’পাশের প্রত্যেক আসনের পাশে রয়েছে বড় আকারের জানালা। একসঙ্গে জানালার শাটার বন্ধ করা ও খোলা যাবে বোতাম টিপে। জানালা থেকে শুরু করে কেবিনেও রয়েছে মুড লাইট সিস্টেম।
ফলে যাত্রীরা সহজেই পরিবর্তন করতে পারবেন লাইটিং মুড। দীর্ঘ সময় ভ্রমণেও যাত্রীরা যেন ক্লান্তি অনুভব না করেন সেজন্য এর ভেতরে এয়ার কমপ্রেসর সিস্টেম অন্যান্য উড়োজাহাজের তুলনায় উন্নত।
প্রসঙ্গত, ২০০৮ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির ১০টি নতুন বিমান ক্রয়ের জন্য দুই দশমিক এক বিলিয়ন ডলারের চুক্তি করে। হংস বলাকা যোগ হওয়ার মধ্য দিয়ে বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ১৫টি।