টেস্ট থেকে মিরাজের ওয়ানডে স্পেশালিস্ট হওয়ার নেপথ্যে

টেস্ট থেকে মিরাজের ওয়ানডে স্পেশালিস্ট হওয়ার নেপথ্যে।

অনুর্ধ্ব-১৯ দলে তাকে অলরাউন্ডার হিসেবেই চিহ্নিত করা হতো। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে তিনি হয়ে গেলেন স্পেশালিস্ট স্পিনার।
মেহেদী হাসান মিরাজের টেস্ট অভিষেকটাও রেকর্ডের খাতায় উজ্জ্বল। এক টেস্টে ১২ উইকেট নিয়ে হারিয়েছেন ইংল্যান্ডকে।
প্রথম সিরিজেই ২ টেস্টে নিয়েছেন ১৯ উইকেট। দু’বার ম্যাচ সেরা হয়েছেন তিনি।
তখনই নামের পাশে টেস্ট স্পেশালিস্ট তকমাটা জুড়ে যায় তার। তবে টেস্টের মতো উজ্জ্বল ছিলেন না মিরাজ।
ওয়ানডেতে দারুণ ইকোনমি রেটে বোলিং করেও উইকেটে পাচ্ছিলেন না মিরাজ।
সর্বোচ্চ ছিল তিন উইকেট। সেটাও সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে হয়ে যাওয়া সিরিজে।
তবে এবার ওয়ানডেতেও কারিশমাটিক বোলিং করলেন মিরাজ। ফিরে এসেছেন টেস্টের দাপুটে ভঙ্গিতে। রঙিন জার্সিতে লেগেছে সাদা জার্সির ছোঁয়া।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডেতে ক্যারিয়ার সেরা বল করলেন মিরাজ।
প্রথমবারের মতো ম্যাচ সেরার পুরস্কার জিতলেন। ক্যারিয়ারের ২২তম ওয়ানডে ম্যাচে এসে সিনিয়রদের ছাড়িয়ে গেলেন এই তরুণ ক্রিকেটার।
১০ ওভারে ২৯ রান দিয়ে নেন চার উইকেট। এতে মেডেন ছিল একটি। শেষ স্পেলে তার বোলিং ফিগার ছিল ২-১-১-২।
ওয়ানডেতে তার আগের সেরা বোলিং ছিল ৪৬ রানে তিন উইকেট।
শুক্রবার সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ম্যাচ সেরা মেহেদী হাসান মিরাজ। টেস্ট স্পেশালিস্ট থেকে ওয়ানডে স্পেশালিস্ট বনে যাওয়া নিয়ে কথা বললেন মিরাজ।
মিরাজ বলেন, ‘ওয়ানডেতে আমি ধারাবাহিক ছিলাম না। আমার মনে হয়, ওয়ানডেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ রান চেক দিয়ে বোলিং করা। যদি রান চেক বোলিং করি তাহলে কিন্তু দলের অধিনায়ক আমার ওপর আস্থা রাখবে। আমি সেই চেষ্টা করেছি।’
শুরুতে বোলিং নিয়ে মিরাজ বলেন, ‘শুরুতে বোলিং করা একটু কঠিন। মাত্র দুই জন ফিল্ডার বাইরে থাকে। ওখানে কিন্তু একটু এদিক-সেদিক হলে বাউন্ডারির সম্ভাবনা বেশি থাকে। তবে এই সময়ে ভালো জায়গায় বোলিং করলে উইকেট পাওয়ার সুযোগও বেশি থাকে।’
নিজের বোলিং তত্ত্ব নিয়ে এই উদীয়মান স্পিনার বলেন, আমাকে মাশরাফি ভাই, মুশফিক ভাই সব সময় বলেন- ওয়ানডেতে আঁটসাঁট বোলিং করতে। এতে বোলার ইকোনমিক থাকে। তাহলে অন্য প্রান্তে উইকেট পড়ার সম্ভাবনা থাকে।
আর দীর্ঘদিন আঁটসাঁট বোলিং করে যাওয়ার কারণেই হয়তো আজকে (শুক্রবার) চারটা উইকেট পেয়েছি।’

Comments (0)
Add Comment